বন বিভাগের অভিযান অবৈধ দোকান উচ্ছেদ
বন বিভাগের জায়গা রক্ষায় অবশেষে মাঠে নামলেন বন কর্মকর্তারা। প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় বন বিভাগের জায়গা দখল নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।গত শনিবার তামাবিলের বনভূমির জায়গার ওপর অবৈধভাবে নির্মিত চারটি দোকান উচ্ছেদ করা হয়েছে। এ ব্যাপারে চারজনকে আসামি করে গতকাল রোববার মামলা করা হয়েছে। তবে গতকাল রোববার অবৈধ দোকান উচ্ছেদের কথা থাকলেও অভিযান পরিচালিত হয়নি।সিলেট বন বিভাগ সূত্র জানায়, গত শনিবার সিলেট বন বিভাগের সহকারী বনসংরক্ষক পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে বন বিভাগের ১৫-২০ জন কর্মকর্তা-কর্মচারী অভিযানে অংশ নেন। এ সময় উপজেলার তামাবিল এলাকায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে বন বিভাগের জায়গার ওপর অবৈধভাবে নির্মিত চারটি দোকান উচ্ছেদ করা হয়।অভিযানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উত্তর রেঞ্জ-১-এর কর্মকর্তা জহুরুল হক, সিলেট উত্তর রেঞ্জ-২-এর কর্মকর্তা এনায়েতুর রহমান খান, বিশেষ টহল বাহিনীর পরিদর্শক ফরেস্টার শফিকুর রহমান, সারিঘাট বিট কর্মকর্তা শামীম রেজা, সদর উপজেলা রেঞ্জের সহযোগী কর্মকর্তা সাব্বির জাহাঙ্গীর বিন ওয়ালী ও জাফলং বিট কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান।