বন বিভাগের উন্নয়ন খাতের ২১ লাখ টাকা আত্মসাৎ
হবিগঞ্জ বন বিভাগের রেঞ্জ-১-এর উন্নয়ন ও অনুন্নয়ন খাতের ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিভাগীয় প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছন এ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সিলেট বন বিভাগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বাহুবল, চুনারুঘাট, নবীগঞ্জ, বানিয়াচং, লাখাই ও হবিগঞ্জ সদর বনাঞ্চল নিয়ে হবি-১ রেঞ্জ গঠিত। এ রেঞ্জের অধীনে ২০১০-২০১১ অর্থবছরে উন্নয়ন ও অনুন্নয়ন খাতে বাগান সৃজন, সৃজিত বাগান রক্ষণাবেক্ষণ, চারা উত্তোলন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারা উত্তোলন, প্রতিষ্ঠান বনায়ন, বিনা মূল্যে চারা বিতরণ এবং নার্সারি তৈরির জন্য ২১ লাখ টাকা বরাদ্দ আসে।এ বরাদ্দের মধ্যে আছে পুরাতন বাগান রক্ষণাবেক্ষণ খাতে তিন লাখ ২২ হাজার ৫০০ টাকা, বাঁশ বাগান এবং বেত বাগান রক্ষণাবেক্ষণ ও নার্সারি খাতে সাত লাখ ৫৪ হাজার তিন টাকা ১২ পয়সা, সৃজিত স্বল্প এবং দীর্ঘ মেয়াদি বাগানের রক্ষণাবেক্ষণ বাবদ বরাদ্দকৃত এক লাখ ১৯ হাজার ২৯০ টাকা, আবাসিক ভবন মেরামত খাতে ১০ হাজার টাকা, প্রতিষ্ঠানে বনায়নের চারা উত্তোলন এবং বিক্রয় বিতরণ বাবদ চারা উত্তোলন খাতে এক লাখ ২৯ হাজার ৪২০ টাকা এবং জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বনায়নকল্পে চারা উত্তোলন খাতে বরাদ্দকৃত ছয় লাখ ৬৫ হাজার ১১৫ টাকাসহ মোট ২০ লাখ ২০ হাজার ৭০৪ টাকা ১২ পয়সা।এ খাতে কোনো প্রকার বরাদ্দ না দিয়েই রেঞ্জ কর্মকর্তা নলিনী কান্ত দাশ সব টাকা আত্মসাৎ করেন। তাঁর সহকর্মীরা এ বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করেন বলে জানান।নবীগঞ্জ-লাখাই উপজেলার দায়িত্বে নিয়োজিত ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, তাঁর এখানে ওই অর্থবছরে নার্সারি উত্তোলনের জন্য দুই লাখ টাকা বরাদ্দ ছিল। এক টাকাও তিনি পাননি। তিনি বিষয়টি তাঁর উর্ধ্বতনকে অবহিত করেন।বানিয়াচং উপজেলায় নিয়োজিত ফরেস্টার তাইফুল ইসলাম জানান, তাঁর এখানে নার্সারির জন্য এক লাখ টাকা বরাদ্দ ছিল। তিনি পেয়েছেন মাত্র ২৫ হাজার টাকা। অবশিষ্ট ৭৫ হাজার টাকা রেঞ্জ কর্মকর্তা তাঁকে না দেওয়ায় তিনি নার্সারি যথাযথভাবে করতে পারেননি। বাহুবল নার্সারির দায়িত্বে নিয়োজিত ডেপুটি রেঞ্জার হাসমত উল্লাহ জানান, তাঁর এখানে চলতি অর্থবছরে নার্সারি উত্তোলনের কাজ থাকলেও রেঞ্জ কর্মকর্তা তাঁকে কিছুই অবগত করেননি। ফলে তিনি নার্সারি করতে পারেননি।পুটিজুরী বিট কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ জানান, ওই অর্থবছরে তাঁর বিটে কার্যক্রমের কোনো চিঠি রেঞ্জ কর্মকর্তার কাছ থেকে পাননি। ফলে এখানে কোনো কার্যক্রম হয়নি।দায়িত্বে থাকা ফরেস্টাররা বিষয়টি সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেনকে লিখিতভাবে অবহিত করেন।এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় বন কর্মকর্তা হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) হুমায়ূন কবিরকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এসিএফ হুমাযুন কবির জানান, প্রাথমিক তদন্তে ক্যাশবই ও প্রাসঙ্গিক নথিপত্র যাচাইয়ে টাকা আত্মসাতের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। পাশাপাশি তিনি গত ১৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন বলে জানান।এর পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন ২২ সেপ্টেম্বর এক পত্রে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে রেঞ্জ কর্মকর্তা নলিনী কান্ত দাশের কাছে কৈফিয়ত তলব করেন। এরই মধ্যে গত ২৯ সেপ্টেম্বর বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন অন্যত্র বদলি হলে এর কার্যক্রমে ভাটা পড়ে।এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা নলিনী কান্ত দাশ তাঁর বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা আখ্যায়িত করে বলেন, পটিজুরী বিটে ৫০ হেক্টর জমিতে নতুন বাগান সৃজিত হয়েছে। নার্সারির টাকা জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পাওয়ার কথা ছিল, ওই টাকা তিনি পেয়েছেন আগস্ট মাসে। এ জন্য নার্সারি যথাসময়ে করা সম্ভব হয়নি।সদ্য বদলি করা সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলোয়ার হোসেন অনিয়মের সত্যতা নিশ্চিত করে জানান, রেঞ্জ কর্মকর্তা জঙ্গলের কাজটি যথাযথভাবে করেননি তার প্রমাণ মেলেছে এবং এর জন্য তাঁর বিরুদ্ধে তদন্ত শেষে কৈফিয়ত তলব করা হয়।