বন বিভাগের তিন হাজার গাছের চারা কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামের একটি স্থানীয় খালের পাড়ে তিন সহস্রাধিক গাছের চারা গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কেটে ধ্বংস করে দিয়েছে। এ ঘটনায় সামাজিক বন বিভাগের ছাগলনাইয়া রেঞ্জ কর্মকর্তা বাবুল ভৌমিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।সামাজিক বন বিভাগ সূত্রে জানা যায়, ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর গ্রামে ফুলছড়ি খালের দক্ষিণ পাশে ফেনী সামাজিক বন বিভাগের অধীন ছাগলনাইয়া রেঞ্জ কার্যালয় সামাজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রকল্পের অধীন ২০১১-১২ অর্থবছরে বাগান সৃজন করে। বাগানে আকাশমণি, মেহগনি, চিকরাশি, ঝাউ, জাম ও আমলকীর ছয় হাজার চারা লাগানো হয়। চারাগুলো গত কিছুদিনে বেশ সুন্দরভাবে বেড়ে ওঠে। এতে এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি পায়। গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ফুলছড়ি খালের পাড়ের তিন হাজার ২২৫টি গাছের চারা কেটে ফেলে।খবর পেয়ে বুধবার সকালে বন বিভাগ ছাগলনাইয়া রেঞ্জের সহকারী রেঞ্জার মো. আজিজ উল্যাহ ও আবদুল বাছেত ঘটনাস্থল পরিদর্শন করেন। রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, সামাজিক বন বিভাগের লাগানো গাছের চারার উপকার ভোগী হিসেবে দক্ষিণ সতর গ্রামের ছেরাজুল হকের ছেলে বাবুল মিজিসহ মোট ৩০ জনের নাম রাখা হয়। কিন্তু চুক্তির দলিল সম্পাদনের সময় বাবুল মিজি অনুপস্থিত ছিলেন। সে কারণে উপকার ভোগীদের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত কয়েক দিন আগে বাবুল মিজি বন বিভাগের ছাগলনাইয়া রেঞ্জ অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে নানা রকম হুমকি-ধমকি দেন এবং তাঁকে বাদ দিয়ে সতর গ্রামের খালের পাড়ে বনায়নের লাগানো চারা বন বিভাগ কীভাবে রক্ষা করে সে ব্যাপারে দেখে নেবে বলেও শাসিয়ে যান। এ ঘটনায় বন বিভাগের ছাগলনাইয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বাদী হয়ে মজিবল হক ও বাবুল মিজি নামের দুজনকে আসামি করে বুধবার রাতে ছাগলনাইয়া থানায় একটি মামলার দায়ের করেছেন। ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলাইমান শামীম সামাজিক বন বিভাগের গাছের চারা কেটে ফেলার ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি।