বন বিভাগের নির্দেশ উপেক্ষা করে চলছে গাছ কাটা
বন বিভাগের নিষেধ উপেক্ষা করে ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি বনের শতাধিক গাছ কেটে সড়ক নির্মাণ করছে এলাকাবাসী। গতকাল শুক্রবার ভোর থেকে গাছ কাটা শুরু হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাতেই কুকরিমুকরিতে মাইকিং করে এলাকাবাসীকে বন কেটে সড়ক নির্মাণের জন্য আহ্বান করা হয়। এলাকাবাসী বৃহস্পতিবার ভোরে গাছ কেটে সড়ক নির্মাণ করতে গেলে পুলিশ বাধা দেয়। তখন তারা শুধু মাটি ফেলে। এলাকাবাসীর সঙ্গে প্রশাসনের মতামত বৈঠকের পরক্ষণে কিছু প্রভাবশালী ব্যক্তি হুমকি দিয়ে বলেন, আগামীকালের মধ্যে গাছ কাটতে হবে। নইলে তাঁরা জোর করে গাছ কেটে সড়ক নির্মাণ করবেন।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুর রহমান ও কুকরিমুকরি রেঞ্জার মো. মাসুদ সরদার বলেন, গত বৃহস্পতিবার ভোর থেকে এলাকাবাসী সড়কের নকশা অনুযায়ী মাটি ফেলা শুরু করে। বেলা দুইটা পর্যন্ত প্রায় ৬০০ গজ এলাকায় মাটি ফেলে। দুপুর ১২টার সময় সহকারী বন সংরক্ষক মাসুদ রানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করে বলেন, যত দিন গাছের টেন্ডার না হবে, তত দিন সড়কে মাটি ফেললেও গাছ কাটা যাবে না।সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক স্বাক্ষরিত রিট পিটিশন থেকে জানা গেছে, চর কুকরিমুকরি ইউনিয়নে বন বিভাগের বনায়নকৃত হাজার হাজার গাছ কেটে রাস্তা নির্মাণের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সমিতি বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের বিশেষ বেঞ্চে ২০১০ সালের ১৬ মে একটি রিট আবেদন করে।হাইকোর্ট ডিভিশনের দুই সদস্যের সমন্বয়ে গঠিত বেঞ্চের বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. শওকত হোসেন বিবাদী পক্ষকে চারটি নির্দেশনা দিয়ে গত বৃহস্পতিবার রিট পিটিশনটি খারিজ করে দেন।উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাঈদ আলী বলেন, ‘পূর্ণাঙ্গ রায় এখনো হয়নি। রায়ের কপি পেলে গাছ কাটার টেন্ডার দেব। মাটি ফেলাটা আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু এলাকাবাসী সে নিষেধ উপেক্ষা করে গতকাল ভোর থেকে গাছ কাটা শুরু করেছে।’ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রবীর কুমার চক্রবর্তী বলেন, এলাকাবাসী গাছ কাটছে, পরে বন বিভাগ টেন্ডার দিয়ে তা বিক্রি করবে।ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জানান, কুকরিমুকরিতে কোনো সড়ক নেই। কুকরিমুকরিকে পর্যটনকেন্দ্র হিসেবে নির্মাণের জন্য প্রধানমন্ত্রী তাঁকে নির্দেশ দিয়েছেন। একটি সড়ক তৈরির জন্য কিছু গাছ কাটা পড়বে। আদালত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ সমিতির মামলা খারিজ করে দিয়েছেন। এখন সড়ক নির্মাণে কোনো বাধা নেই।