সিলেটের জলার বন রাতারগুলে বন বিভাগের স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রকল্প বন্ধ করে ১২ দফা দাবি বাস্তবায়নে স্মারকলিপি দিয়েছে ‘রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটি’। গতকাল রোববার দুপুরে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) কার্যালয়ে গিয়ে কমিটির আহ্বায়ক লোকমান আহমদের নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়। ডিএফও দেলওয়ার হোসেন স্মারকলিপি গ্রহণ করেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত রাতারগুল বাংলাদেশের সমৃদ্ধ জলার বন (সোয়াম্প ফরেস্ট)। নদী ও হাওরবেষ্টিত ৫০৪ দশমিক ৫০ একর আয়তনের এলাকাটি ১৯৭৩ সাল থেকে সংরক্ষিত ঘোষণা করে বন বিভাগ। প্রকৃতিপ্রেমীদের কাছে পরিচিতি হয়ে উঠলে প্রস্তাবিত জাতীয় উদ্যান পরিকল্পনায় রাতারগুলে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রামাগার ও রাস্তা নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ পরিকল্পনা শুরু করে বন বিভাগ।
সংরক্ষিত বন এলাকায় অবকাঠামোগত স্থাপনা নির্মাণে বনের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে জানিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো বন বিভাগের এ পরিকল্পনা বাস্তবায়নে আপত্তি তোলে। সিলেটের বিভিন্ন পরিবেশবাদী সংগঠনকে নিয়ে গঠিত হয় ‘রাতারগুল জলার বন সংরক্ষণ কমিটি’। গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘রাতারগুল কতল হবে?’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে পরদিন ওই কমিটি মানববন্ধন করে বন বিভাগকে স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা দেয়।
স্মারকলিপিতে রাতারগুল জলার বন সংরক্ষণে বন বিভাগের প্রকল্পকে ‘আত্মঘাতী’ উল্লেখ করা হয়।