বন বিভাগের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
গত ৩ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত ‘ছোট হয়ে আসছে সুন্দরবন’ শীর্ষক সংবাদের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে বন বিভাগ। প্রধান বন সংরক্ষক ইউনুস আলী স্বাক্ষরিত ওই প্রতিবাদে বলা হয়েছে, সংবাদে বেশ কিছু তথ্যবিভ্রাট, ভুল তথ্য ও বাস্তবতার নিরিখে বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশ্লেষণ বিবেচনায় না নিয়ে অনুমাননির্ভর তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবাদে বলা হয়, ১৯৫৮, ১৯৮৩ ও ১৯৯৫ সালে সম্পাদিত তিনটি ফরেস্ট ইনভেনটরি প্রতিটিতে সুন্দরবনের আয়তন ছয় হাজার বর্গকিলোমিটারের চেয়ে কিছুটা বেশি পাওয়া গেছে। ১৯৩০-এর দশকে এস জে কারটিসের প্রতিবেদনে বাংলাদেশ সুন্দরবনের আয়তন প্রায় ছয় হাজার বর্গকিলোমিটার পাওয়া যায়। সুন্দরবনের সীমানার কোনো পরিবর্তন ১০০ বছরে হয়নি। সুন্দরবনের মতো একটি ডায়নামিক কোস্টাল এলাকায় ভাঙাগড়া একটি নিয়মিত ব্যাপার এবং এটা খুব স্বাভাবিক।
প্রথম আলোর প্রতিবেদনে সিইজিআইএসের গবেষণাতে সুন্দরবনের আয়তন ৫ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার পাওয়া গেছে বলা হয়েছে। ২০১৩ সালে বন বিভাগের উদ্যোগে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সুন্দরবনের আয়তন পাওয়া গেছে ৬ হাজার ১৭৯ বর্গকিলোমিটার। সিইজিআইএসের কারিগরি সহযোগিতায় কাজটি সম্পন্ন করা হয়েছিল। এ ক্ষেত্রে স্যাটেলাইট ইমেজের বিশ্লেষণে কোনো কারিগরি বা পদ্ধতিগত ভুল থাকতে পারে।
প্রতিবাদে আরও বলা হয়েছে, সুন্দরবনের সুন্দরীগাছ কমে যাওয়ার যে তথ্য দেওয়া হয়েছে তাও পুরোপুরি সঠিক নয়। ১৯৫৮ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত জরিপে সুন্দরবনে হেক্টরপ্রতি সুন্দরীগাছ কমেছে। কিন্তু ২০১০-এর সুন্দরবন কার্বন জরিপে হেক্টরপ্রতি ২০৫টি সুন্দরীগাছ পাওয়া গেছে।
প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর প্রতিবেদনে সুন্দরবনের আয়তনের পরিবর্তন নিয়ে করা সিইজিআইএসের গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে। এ বিষয়ে প্রধান বন সংরক্ষকের বক্তব্য প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। তবে শুধু সিইজিআইএস নয়, এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) ‘সুন্দরবনের উপকূলীয় ভাঙন: একটি সময়ানুক্রমিক বিশ্লেষণ’ শীর্ষক প্রতিবেদনেও সুন্দরবনের ভূমি কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। সেখানে দেখানো হয়েছিল গত চার দশকে সুন্দরবনে মোট ২৩৩ বর্গকিলোমিটার ভূমি ভাঙনের কবলে হারিয়ে গেছে। আর নতুন ভূমি জেগেছে ১০৪ বর্গকিলোমিটার।