বন বিভাগের বাগানের গাছ কেটে জায়গা দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ ও দক্ষিণ চর মজিদ এলাকায় বন বিভাগের লাগানো প্রায় ৪০০ চারাগাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যাওয়ার পর খালি জায়গা দখলে পাঁয়তারা চলছে। ফলে ওই এলাকায় বন বিভাগের প্রায় পাঁচ হাজার গাছ হুমকির মুখে পড়েছে।সর্বশেষ গত ২১ জুলাই রাতের অন্ধকারে দক্ষিণ চর মজিদের যোবায়ের বাজার এলাকায় গাছ কাটার পর খালি পড়ে থাকা জমি ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক বন বিভাগের লোকজনের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে সুবর্ণচরের চর জব্বার থানায় একই এলাকার মো. নিয়ন, আবুল খায়েরসহ পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হলেও পুলিশ অদ্যাবধি কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।বন বিভাগ সূত্রে জানা গেছে, বিগত ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থবছরে বন বিভাগের স্থানীয় ভূঁইয়ারহাট বিট কার্যালয়ের তত্ত্বাবধানে পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ ও দক্ষিণ চর মজিদ এলাকার ৩০৫ হেক্টর জমিতে বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ হাজার চারাগাছ রোপণ করা হয়। গত ফেব্রুয়ারি মাসে প্রথম রাতের অন্ধকারে কে বা কারা চর মজিদের বাঁশখালী স্লুইচের কাছের শতাধিক চারাগাছসহ চার শতাধিক গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। দক্ষিণ চর মজিদের ভূমিহীন সফি উল্লা বলেন, গত কয়েক বছরে এই এলাকায় সড়কের পাশের জায়গার দাম বেড়ে যাওয়ায় এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি বাগানের জায়গাগুলো দখলের ষড়যন্ত্র শুরু করেন, যার অংশ হিসেবে তাঁরা লোক লাগিয়ে প্রতিদিনই রাতের অন্ধকারে একেক করে চারাগাছগুলো কেটে সাবাড় করছেন। বন বিভাগের ভূঁইয়ারহাট বিট কর্মকর্তা শিবপ্রসাদ চৌধুরী বলেন, বন বিভাগের ওই জায়গা দখলে নেওয়ার জন্যই এলাকার একটি সংঘবদ্ধ চক্র উঠেপড়ে লেগেছে এবং একের পর এক গাছ কেটে নিয়ে যাচ্ছে। মামলা করার পরও তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।বিভাগীয় বন কর্মকর্তা ছানাউল্লা পাটোয়ারী বলেন, যারা বন বিভাগের বাগানের গাছ কেটে নিচ্ছে, তাদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা করা হয়েছে। এ বিষয়ে কোনো ছাড় নেই। চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, বন বিভাগের দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর কথা ঠিক নয়।