বরগুনার আমতলী উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধের দুই পাশের গাছের নিলামে বন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগের কর্মকর্তারা নামমাত্র মূল্যে এসব গাছ বিক্রি করতে প্রতিটি গাছের কাঠের পরিমাণ দেখিয়েছেন মাত্র দুই ঘনফুট।
স্থানীয় লোকজন জানান, নব্বইয়ের দশকে সামাজিক বনায়নের আওতায় রোপণ করা মেহগনি, রেইনট্রি, তাল, চাম্বলসহ বিভিন্ন প্রজাতির ওই সব গাছ বেশ বড় হয়েছে। প্রতিটি গাছে ১০ থেকে ১৫ ঘনফুট কাঠ পাওয়া যাবে।
গত বৃহস্পতিবার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সম্মেলনকক্ষে উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা হয়। ইউএনও মো. মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় পটুয়াখালী উপবিভাগীয় বন কর্মকর্তা (এসিএফ) মো. আলতাফ হোসেন বলেন, আমতলী উপজেলায় পাউবোর ৪৩/১ নম্বর পোল্ডারের বন্যানিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের জন্য বাঁধের দুই পাশে বন বিভাগের রোপণ করা গাছ দরপত্রের মাধ্যমে বিক্রি করা হবে। বাঁধের দুই পাশে রেইনট্রি, মেহগনি, আকাশমণি, তাল, চাম্বলসহ বিভিন্ন প্রজাতির ৪ হাজার ১০৫টি গাছ রয়েছে। এসব গাছে কাঠের পরিমাণ ধরা হয়েছে আট হাজার ঘনফুট। তাঁর বক্তব্য শেষে ইউএনও এসিএফ আলতাফ হোসেনকে পাল্টা প্রশ্ন করেন, ‘আপনার (বন কর্মকর্তা) হিসাবে এসব গাছে কাঠের পরিমাণ আট হাজার ঘনফুট। তাতে একটি গাছে কাঠের পরিমাণ দাঁড়ায় মাত্র দুই ঘনফুট। এটা কি বাস্তবসম্মত?’
শুক্রবার সরেজমিনে দেখা যায়, উপজেলার ৪৩/১ পোল্ডারের বান্দরা, সোনাউটা ও সুবন্ধি এলাকায় বাঁধের দুই পাশে বন বিভাগের রোপণ করা গাছগুলোকে কাটার জন্য বন বিভাগের পক্ষ থেকে রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা এসব গাছের বেড় বেশ মোটা।
সুবন্ধি গ্রামের বাসিন্দা জামাল হোসেন তালুকদার বলেন, বন বিভাগ নব্বইয়ের দশকে এ গাছগুলো রোপণ করে। গাছের বয়স ২০ থেকে ২৫ বছর হয়ে গেছে। একেকটি গাছে গড়ে কাঠের পরিমাণ হবে ১০ থেকে ১৫ ঘনফুট। কোনো কোনো গাছ এতটাই বড় হয়েছে যে সেসব গাছ থেকে গড়ে ৪০ ঘনফুট পর্যন্ত কাঠ পাওয়া যাবে। সোনাউটা গ্রামের বাসিন্দা আবদুল লতিফ শিকদার বলেন, ‘আমাগো এলাকার এসব গাছ খুবই বাড়ন্ত ও পোক্ত। প্রতিটি গাছে কমপক্ষে ২০ ঘনফুট কাঠ অইবে। এহন সরকারি এসব গাছ যদি বন বিভাগের স্যারেরা কম দামে বেইচ্চা দেয়, তয় আমাগো কিছু কওনের নাই।’
পটুয়াখালী উপবিভাগীয় বন কর্মকর্তা (এসিএফ) মো. আলতাফ হোসেন বলেন, ‘গাছগুলো দরপত্রের মাধ্যমে বিক্রির জন্য আমি সভাকে অবহিত করেছি। দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’ চার হাজারের বেশি গাছের কাঠের পরিমাণের বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।