বন বিভাগের মামলায় আসামি শিক্ষক সাংবাদিক প্রবাসী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সালুটিকর বন বিটের মুরতাবাগানের মাটি কেটে নেওয়ার ঘটনায় মামলা করেছে বন বিভাগ। তবে মামলায় শিক্ষক, সাংবাদিক, দুই প্রবাসীসহ ২০ জনকে আসামি করা হয়েছে।

গত ২২ জানুয়ারি প্রথম আলোয় ‘বাগান উজাড়, মাটি ইটভাটায়’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে দুটি মামলা করে বন বিভাগ।

গত রোববার আদালত থেকে সমন জারির চিঠি পেয়ে বন বিভাগের মামলার বিষয়ে জানতে পারেন আসামিরা। মামলার বাদী হয়েছেন সালুটিকর বন বিটের কর্মকর্তা মনজুর আলম পাঠান।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সালুটিকর বন বিটের তত্ত্বাবধানে গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নের আঙ্গারজোর এলাকার ধারীরপাড় মৌজার ৩৮৫ একর জায়গায় মুরতা বেতের বাগান। মুরতা বেত পোড়ানোর পর ইটভাটায় মাটি বিক্রির কাজ প্রকাশ্যেই করেন সালুটিকরের মানিক মিয়া, আবদুল হক, আরজু আলী, আজিজ নামের চার ব্যক্তি। তাঁদের মাধ্যমে বাগানের অভ্যন্তরে আটগাঁও খালের ওপর মাটি ফেলে ট্রাক চলাচলের রাস্তাও করা হয়। পরে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ সরেজমিন তদন্ত করে ওই দুটো মামলা করে।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে করা ওই দুই মামলায় আসামির তালিকায় রয়েছেন গোয়াইনঘাটের নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মতিন, প্রায় ১৫ বছর সৌদি আরব ও দুবাইয়ে অবস্থানকারী মুহিবুল হক, বাবুল মিয়াসহ আরও ১৬ জন। সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত থেকে জারি হওয়া সমন অনুযায়ী আসামিদের আগামী ২২ মে আদালতে হাজির হতে হবে।

শিক্ষক জাহিদুল ক্ষোভের সঙ্গে বলেন, ‘বিষয়টি আসলেই লজ্জাজনক। সমন নিয়ে বাড়ি যাওয়ার পর প্রথম জানাজানি হয়।’ তবে একজন শিক্ষক কীভাবে মাটি কাটতে পারেন, এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তারাও কোনো সদুত্তর দিতে পারেননি।

অপর আসামি আবদুল মতিন বলেন, ‘আমরা জেনেছি, যাঁরা মাটি কেটে নিয়েছিলেন, তাঁরা ভেবেছেন আমরাই প্রতিবেদন করিয়েছি। যাঁরা খবর দিয়েছেন, তাঁদের শায়েস্তা করতেই এই মামলা।’

মুঠোফোনে মনজুর আলম পাঠান জানান, কর্তৃপক্ষের নির্দেশে মামলা দায়ের ও আসামিদের নাম দিতে তিনি বাধ্য হয়েছেন। ‘কর্তৃপক্ষ’ কারা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পরই আমাকে বলা হয়, যাঁরা খবর দিয়েছেন তাঁদের খুঁজে বের করে নাম দিতে। আমি এলাকার কয়েকজন বিশিষ্টজনের নাম দেওয়ার পর দেখা যায় কর্তৃপক্ষের নির্দেশে তাঁদেরই মামলার আসামি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমিও বিব্রত!’

সালুটিকর বন বিট বন বিভাগের সিলেট রেঞ্জের আওতাধীন। রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল্লাহ বলেন, ‘আমি মামলার বিষয়ে কিছুই জানি না। বিষয়টি দেখে ব্যবস্থা নেব।’