বন বিভাগের লোকজনকে মারধর করে আটক ব্যক্তিদের ছিনতাই
মৌলভীবাজারের জুড়ীতে বন বিভাগের লোকজনকে মারধর করে আটক চার ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে বন বিভাগের জুড়ী-১ রেঞ্জের আওতাধীন উপজেলার সাগরনাল বিট কার্যালয়ে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দুপুরে জুড়ী থানায় এ ঘটনায় মামলা হয়েছে।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে অজ্ঞাত চার ব্যক্তি বাঁশের ‘তরজা’ (বেত) বোঝাই একটি ঠেলাগাড়ি নিয়ে সাগরনাল চা-বাগান এলাকা অতিক্রম করছিল। পথে সাগরনাল বন বিট কার্যালয়ের টহলদল ওই ব্যক্তিদের কাছে মালামাল পরিবহনের জন্য বন বিভাগের অনুমতি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায়। সেটা দেখাতে ব্যর্থ হলে তাঁরা চার ব্যক্তিকে আটক করে কার্যালয়ে নিয়ে আসে। এ ছাড়া ঠেলাগাড়িসহ ১২ আঁটি ‘তরজা’ জব্দ করা হয়। সূত্র জানায়, এর প্রায় আধা ঘণ্টা পর সাগরনাল চৌমোহনা এলাকার বাসিন্দা ও বাঁশ ব্যবসায়ী জুয়েল আহমদের নেতৃত্বে একদল লোক আকস্মিক লাঠিসোঁটা নিয়ে বিট কার্যালয়ে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে বিট কর্মকর্তা জলিলুর রহমান, বনপ্রহরী গোলাম আমিন, বাগানমালী মোশাহিদ মিয়া ও মুজিবুর রহমান আহত হন। একপর্যায়ে তারা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেয়। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বন কর্মকর্তা জলিলুর রহমান বাদী হয়ে জুয়েল, জুয়েলের ভাই কাইয়ুম, জয়নাল ও শহীদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেছেন। জলিলুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘জুয়েল ও কাইয়ুম লোকজন দিয়ে সংরক্ষিত বাঁশমহাল থেকে অবৈধভাবে বাঁশ কেটে এনে গোপন জায়গায় তরজা তৈরি করান। পরে তা অন্যত্র বিক্রি করেন। এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ আছে।’ তিনি বলেন, দুর্বৃত্তরা ভুলে দুটি মুঠোফোনের সেট ফেলে চলে যায়। সেগুলো জুয়েল ও কাইয়ুমের বলে ধারণা করা হচ্ছে। ওই দুটি সেট পুলিশের কাছে দেওয়া হয়েছে। মামলার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।যোগাযোগের চেষ্টা করেও আসামি জুয়েল ও কাইয়ুমের বক্তব্য পাওয়া যায়নি।