বন বিভাগের সঙ্গে ভূমিদস্যুদের সংঘর্ষ, আহত ১৫
ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকায় গত বৃহস্পতিবার বন বিভাগ ও ভূমিদস্যুদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে বন বিভাগের কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় গ্রামবাসী বন বিভাগের একটি মাইক্রোবাস ভাঙচুর করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বন বিভাগ তাদের জমিতে বন সৃজনের জন্য মাটি কাটার কাজ শুরু করে। ভূমিদস্যু আবদুল মালেক, মোকাম্মেল শিকদার, কবির শিকদার ও তাঁদের সহযোগীরা গ্রামবাসীদের সংঘবদ্ধ করে বন বিভাগকে মাটি কাটতে বাধা দেয়। এ সময় গ্রামবাসী ও বনকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। গ্রামবাসী বন বিভাগের একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এ সময় দক্ষিণ আইচা পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ও কোস্টগার্ড চর আইচা কন্টিনজেন্টের সদস্যরা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ ও লাঠিপেটায় চর মানিকা বিট কর্মকর্তা ফজলুর রহমান, সহকারী বন সংরক্ষক মাসুদ রানা, জিয়াউর রহমান, গ্রামবাসী মোকাম্মেল হক, সিরাজ কেরানী, হোসনে আরা, মরিয়মসহ ১৫ জন আহত হন।চরফ্যাশন বন বিভাগের রেঞ্জার খন্দকার গোলাম মাওলা জানান, তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীর মধ্যে জেগে ওঠা চর মানিকার ১২২ হেক্টর জমি ১৯৭৭ সালে বন বিভাগের নামে হস্তান্তর করা হয়। নীতিমালা অনুযায়ী এই জমির আশপাশে জেগে উঠা সব জমি বন বিভাগের মালিকানায় আছে। কিন্তু ভূমি বিভাগ এসব জমি লোকজনের নামে বন্দোবস্ত দিয়ে জটিলতার সৃষ্টি করেছে। বৃহস্পতিবার বন বিভাগের কর্মীরা তাদের ৬৫ হেক্টর জমিতে বাগান সৃজনের জন্য শ্রমিক দিয়ে মাটি কাটার কাজ শুরু করলে গ্রামবাসী তাঁদের ওপর হামলা করে। এ ঘটনায় বন বিভাগ মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছে।দক্ষিণ আইচা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামবাসী কোস্টগার্ড এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে ফেলে। এ সময় তাঁরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।