বন বিভাগের সহযোগিতায় গাছ নিধনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া এলাকায় বন বিভাগের সহযোগিতায় একটি সংঘবদ্ধ চক্র চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দুই পাশ থেকে দুই শতাধিক মূল্যবান গাছ কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুবদিয়া গ্রামের বাসিন্দারা জানায়, বন বিভাগের লোকজনের প্রত্যক্ষ সহযোগিতায় শ্রমিক দিয়ে এসব গাছ কাটা হচ্ছে। ইতিমধ্যে দুই শতাধিক গাছ কাটা হয়েছে। প্রতিটি গাছের দাম বর্তমান বাজারদর অনুযায়ী পাঁচ থেকে সাত হাজার টাকা।সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সুবদিয়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক সপ্তাহেরও বেশি সময় ধরে মহাসড়কের দুই পাশ থেকে বিভিন্ন প্রজাতির এসব গাছ কাটছেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মালেক ও কর্মী মো. সিদ্দিক এর নেতৃতে রয়েছেন। পদ্মবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক বলেন, ‘দলের কর্মী মো. সিদ্দিককে গাছ কাটা ও দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।’ মো. সিদ্দিক জানান, সমিতির সদস্য হিসেবে তাঁরা বৈধভাবেই এ গাছ কাটছেন। নিজেকে সুফলভোগী সমিতির সহসভাপতি দাবি করে তিনি বলেন, আবদুল মালেক এ সমিতির সভাপতি।চুয়াডাঙ্গায় বন বিভাগের সামাজিক বনায়ন প্রকল্পের দায়িত্বে নিয়োজিত বনরক্ষক আবু সাঈদ জানান, ২০০৫-০৬ সালে বন বিভাগ গাছগুলো লাগিয়েছে। সে হিসেবে গাছের মালিকও বন বিভাগ। সামাজিক বনায়নের গাছ লাগানোর পর সমিতির মাধ্যমে তদারকি হয়ে থাকে। এখন মহাসড়ক সম্প্রসারণের জন্য গাছগুলো কাটার প্রয়োজন, এ জন্যই সমিতির সদস্যেরা গাছগুলো কাটছেন।চুয়াডাঙ্গা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, গাছগুলো কাটার বিষয়ে সরকারি কোনো নিয়মই মানা হয়নি। অন্যান্য সমিতি চুক্তির মেয়াদপূর্তির আগে এভাবে পাঁচ-ছয় বছর বয়সী গাছ কেটে বিক্রি করলে অন্যায় হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সর্বক্ষেত্রে এটা কার্যকর নয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন বলেন, ‘গাছ কাটার জন্য কাউকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক সম্প্রসারণের জন্য যেসব গাছ কাটা একান্তই প্রয়োজন, তা এখনো চিহ্নিত করা হয়নি।’