বন বিভাগের ৭৩০০ একর জমি প্রভাবশালীদের দখলে!
টাঙ্গাইলে বাঁশতৈল রেঞ্জের আওতায় মির্জাপুর ও সখীপুর উপজেলায় বন বিভাগের সাত হাজার একরের বেশি জমি প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিয়েছেন। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দখলে বাধা দিতে গেলে দখলবাজেরা তাঁদের হুমকি-ধমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী, বন বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঁশতৈল রেঞ্জের আওতায় মির্জাপুর ও সখীপুরের বাঁশতৈল, হাঁটুভাঙ্গা, কুড়িপাড়া, বংশীনগর, পাথরঘাটা ও নলুয়া বিট কার্যালয়ের অধীনে ১৪ হাজার ৩০২ একর বনভূমি রয়েছে। বাঁশতৈল রেঞ্জের আওতাধীন ছয়টি বিট কার্যালয়ের ৩১টি মৌজায় সাত হাজার ৩০০ একর বনভূমি স্থানীয় ব্যক্তিরা দখল করে নিয়েছেন। এর মধ্যে মির্জাপুরের গায়রাবেতিল, ঘাঘরাই, বংশীনগর, তরফপুর, তেলিনা, আজগানা, কুড়িপাড়া, পেকুয়া এবং সখীপুর উপজেলার নলুয়া এলাকা উল্লেখযোগ্য। ওই সব এলাকায় তিন হাজারের বেশি অবৈধ স্থাপনা রয়েছে বলে বন বিভাগ সূত্র জানিয়েছে। জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন বিভাগের প্রায় ২০ একর জমি প্রভাবশালীরা দখল করে নিয়েছেন। এর মধ্যে আজগানা নতুন বাজার এলাকা, কুড়িপাড়া, পেকুয়া, মুথার চালা, হামিদ মার্কেট, পাথরঘাটা, জাবেদ মার্কেট, আবুল মার্কেট, চানু মার্কেট, নলুয়া, ভাঙ্গা বাজারসহ মির্জাপুর ও সখীপুর উপজেলার বনাঞ্চলের জমি রয়েছে। ওই সব জমি পুনরুদ্ধারের জন্য গত বছরের অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত আদালতে ১৬টি নিয়মিত ও ৪৭৭টি উচ্ছেদ মামলা এবং মির্জাপুর থানায় পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সর্ব শেষ গত ২২ আগস্ট রাত ১১টার দিকে বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের আমজাদ হোসেন (৪৫) ও বিমলসহ (৪৫) কয়েকজন বন বিভাগের প্রায় এক হেক্টর জমির সামনের অংশ দখল করে পাকা ও কাঁচা ঘর নির্মাণ শুরু করেন। এর মধ্যে টিনের ঘরের নির্মাণকাজ শেষ হলেও পাকা ঘরটির কাজ এখনো চলছে। বন বিভাগের লোকজন পরদিন ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বললে দখলকারীরা তাঁদের প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় বংশীনগর বিট কার্যালয়ের ফরেস্টার মো. শহিদুল ইসলাম মির্জাপুর থানায় একটি অভিযোগ দিয়েছেন। পেকুয়া গ্রামের আমজাদ হোসেন জানান, প্রায় ১২ বছর ধরে তিনি পেকুয়াতে বন বিভাগের জায়গায় ঘর তৈরি করে ব্যবসা করে আসছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের শুরুর দিকে সেনা সদস্যরা তাঁর স্থাপনা উচ্ছেদ করেন। তিনি বলেন, ‘বেশ কিছু দিন ধরে অন্যান্য এলাকায় বন বিভাগের জায়গায় ঘর তোলা হচ্ছে, এ খবর পেয়ে আমিও উচ্ছেদ করা অংশেই পুনরায় ঘর তুলছি।’ একই গ্রামের বাসিন্দা ঢাকা ব্লেজিং হোমস লিমিটেডের মহাব্যবস্থাপক আবুল হোসেন দুলাল সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করে বলেন, ‘দখল করা বন বিভাগের সব জায়গা পুনরুদ্ধার না করতে পারলে সরকার সবার কাছে তা সুষম বণ্টন করুক।’ বংশীনগর বিট কার্যালয়ের ফরেস্টার মো. শহিদুল ইসলাম আক্ষেপের সুরে বলেন, ‘থানায় অভিযোগ দিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গেছে। কিন্তু এখনো মামলা নেয়নি।’ বাঁশতৈল রেঞ্জের বন কর্মকর্তা শেখর চন্দ্র রায় জানান, গত অক্টোবরে তিনি যোগদানের পর থেকে এ পর্যন্ত ৬২ একর জমি পুনরুদ্ধার করা হয়েছে। অনেকে নতুন করে বন বিভাগের জায়গা দখলের চেষ্টায় আছেন। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) অসিত রঞ্জন পাল প্রথম আলোকে বলেন, বনভূমি যদি কেউ দখল করতে আসে, তাকে প্রথমে বাধা ও পরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবল্লাহ সরকার বলেন, বন বিভাগের অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে।