বন বিভাগের 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সালুটিকর বন বিটের মুর্তা বাগানের মাটি কেটে নেওয়ার ঘটনা আড়াল করতে বন বিভাগের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘বন বিভাগের মামলায় আসামি শিক্ষক সাংবাদিক প্রবাসী!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সালুটিকর এলাকাবাসী মামলাটি মিথ্যা দাবি করে প্রত্যাহারের জন্য এক সপ্তাহ সময়সীমা বেঁধে দেন। গতকাল রোববার গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে প্রতিবাদ সমাবেশ করে মানববন্ধন থেকে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় সালুটিকর বন বিট কার্যালয় ঘেরাও করে আন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

অভিযোগ উঠেছে, মামলার বাদী বিট কর্মকর্তা বাগান উজাড় করার ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতেই মাটি কাটায় নিয়োজিত ব্যক্তিদের বাদ দিয়ে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। গতকাল দুপুর ১২টায় সালুটিকর বাজারে মানববন্ধন করে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশে মিলিত হন। আংগারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অনেকে বক্তব্য দেন।