রাঙ্গুনিয়ায় নতুন সংরক্ষিত বনাঞ্চল উদ্বোধন
বন ব্যবস্থাপনার নতুন নীতিতে সরকারের সহযোগী যুক্তরাষ্ট্র
বনের ওপর নির্ভরশীল ও বন থেকে সুবিধাভোগী স্থানীয় দরিদ্র জনগণকে অংশীদার করে সংরক্ষিত বনাঞ্চল ব্যবস্থাপনায় সরকারের গৃহীত নতুন নীতিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক সংস্থা ইউএসএআইডি ‘সমন্বিত রক্ষিত এলাকা সহব্যবস্থাপনা (আইপ্যাক)’ প্রকল্পের মাধ্যমে সরকারকে এই সহায়তা দিচ্ছে।এই সহায়তা নিয়ে দেশে নতুন একটি সংরক্ষিত বনাঞ্চল সৃষ্টির কাজ শুরু করা হয়েছে। নতুন এই বনাঞ্চলের নাম দেওয়া হয়েছে ‘দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্য প্রাণী অভয়ারণ্য’। চট্টগ্রাম (দক্ষিণ) বন বিভাগের খুরুসিয়া ও দোহাজারী রেঞ্জের ৪৭১৬ দশমিক ৫৭ হেক্টর বিস্তৃত এই বনাঞ্চলটি চট্টগ্রাম প্রশাসনিক জেলার রাঙ্গুনিয়া ও চন্দনাইশ উপজেলার একটি গ্রীষ্মমণ্ডলীয় প্রাকৃতিক বন। গত ৬ এপ্রিল সরকার এটি সংরক্ষিত ঘোষণা করে।গত রোববার যৌথভাবে এই বনাঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। চট্টগ্রাম মহানগর থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে বন বিভাগের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এই বনে একসময় বাঘ, ভালুক ও গণ্ডার ছিল। এখন কিছুই নেই। বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে বন-সংশ্লিষ্ট জনগণকে সংরক্ষণ কার্যক্রমে যুক্ত করতে না পারলে বন রক্ষা করা সম্ভব নয়। তাই নতুন ব্যবস্থাপনায় জনগণকে বনের মালিকানা দেওয়া হচ্ছে। সরকারের আরও কিছু পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে দেশের সর্বপ্রথম পাখি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্য প্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার প্রবর্তন করা হবে এ বছর থেকেই। প্রণয়ন করা হচ্ছে নতুন বন্য প্রাণী সংরক্ষণ আইনও। প্রসঙ্গত, সহব্যবস্থাপনা পদ্ধতিতে আইপ্যাক প্রকল্পের সহায়তায় সরকার সেখানে বন সম্পদ ও বন্য প্রাণীর উন্নয়ন করবে। অনুষ্ঠানে মরিয়ার্টি বলেন, ‘বনসহ সব প্রাকৃতিক সম্পদের সুব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলার কাজে আমরা বাংলাদেশের সরকার ও জনগণের সহযোগী এবং অংশীদার। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’অনুষ্ঠানে বিপুল জনসমাগম দেখে বিস্মিত বাংলাদেশে ইউএসএআইডির পরিচালক ডেনিস রলিনস বলেন, সহব্যবস্থাপনা শুধু বন নয়, জল ও জলাভূমি, মৎস্যসম্পদ প্রভৃতি প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগণের বিশেষ সহায়ক হচ্ছে। দেশে এখন সংরক্ষিত বনাঞ্চলের আয়তন আড়াই লাখ হেক্টরেরও বেশি। কিন্তু এসব বনে গাছপালা ও বন্য প্রাণীর সংখ্যা কম। অবস্থাও খুব খারাপ। বন বিভাগ কোনোভাবেই সংরক্ষিত বন রক্ষায় সাফল্য পাচ্ছিল না। সে কারণে সামাজিক বনায়ন কার্যক্রমে সাফল্যের অভিজ্ঞতা থেকে জনঅংশীদারিমূলক এই নতুন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। কক্সবাজারের চুনতিসহ কয়েকটি সংরক্ষিত বন ব্যবস্থাপনায় এই পদ্ধতি প্রয়োগ করে সুফল পাওয়া গেছে। চুনতি অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অনুষ্ঠানে এই অভিজ্ঞতা বর্ণনা করেন। সাফল্যের জন্য তাঁর কমিটিকে পুরস্কৃতও করা হয়।চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক আবদুল মোতালেব ও পদুয়া ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন সেলিম। রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ, কয়েকজন উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার মদুনাঘাট থেকে রাঙ্গুনিয়া উপজেলায় পরিবেশ প্রতিমন্ত্রীর বাড়ি পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তার স্থানে স্থানে তোরণ নির্মাণ করা হয়। স্কুলে ছাত্রছাত্রীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে বিদেশি অতিথিদের সম্ভাষণ জানায়। এ কাজে অনুষ্ঠানস্থলের কাছে সুসজ্জিত দুটি হাতিও রাখা হয়। অনুষ্ঠান শেষ হয় স্থানীয় মারমা ও তঞ্চংগ্যা তরুণীদের নৃত্যানুষ্ঠান ও বনে তিনটি হরিণ অবমুক্ত করার মাধ্যমে।