বন ব্যবস্থাপনায় পাহাড়ের মানুষকে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করেই পার্বত্য চট্টগ্রামে বন ব্যবস্থাপনা করতে হবে। বন রক্ষার ব্যবস্থাপনায় হেডম্যান ও কার্বারিদের পরামর্শ ও সহযোগিতা নিতে হবে। গতকাল সোমবার সকালে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের হলরুমে বন উজাড় ও বনের অবক্ষয়ের কারণ অনুসন্ধান নিয়ে আয়োজিত কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
ইউএন-রেড কর্মসূচি এবং বন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুচ আলী। পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. শামসুল আজমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায়, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান প্রমুখ।
কর্মশালায় বন সংরক্ষণের বিষয়ে মতামত তুলে ধরেন পার্বত্য চট্টগ্রাম বন সংরক্ষণ কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাধারণ সম্পাদক সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, আইনজীবী সুস্মিতা খীসা, হেডম্যান থোয়াই অং মারমা, শান্তি বিজয় চাকমা ও অধ্যাপক মংসানু চৌধুরী। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইউএন-রেড প্রোগ্রামের কর্মকর্তা সায়েদ মাহমুদ।
প্রধান বন সংরক্ষক মো. ইউনুচ আলী বলেন, জীববৈচিত্র্য রক্ষায় এবং মানুষের জীবিকার প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামে বন সংরক্ষণ, বনায়ন ও ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেন, স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা ছাড়া পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু বন ব্যবস্থাপনা সম্ভব নয়। পার্বত্য চট্টগ্রামে বন, বনায়ন, সংরক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান বন আইনে অনেক জটিলতা রয়েছে। সংশোধন করে সেসব জটিলতা দূর করতে হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের বন ধ্বংসের কারণ রাজনৈতিক অস্থিরতা। পাশাপাশি বাইরের অনেক লোককে বন এলাকায় পুনর্বাসন করা হয়েছে। ফলে বন উজাড় হয়ে যায়।