বন মন্ত্রণালয় আইএমইডিকে তথ্য না দেওয়ায় অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কাছে গত ডিসেম্বরে তথ্য চেয়েছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। ওই তথ্য আইএমইডি এখনো না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে সরকারি প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটি।জাতীয় সংসদ ভবনে গতকাল বুধবার প্রতিশ্রুতি-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এই অসন্তোষ প্রকাশ করা হয়। বৈঠক সূত্র জানায়, কমিটির আগের বৈঠকে আইএমইডির কাছে পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি-সংক্রান্ত তথ্য চেয়ে তাগিদ দেওয়া হয়েছিল। কিন্তু গতকালের বৈঠকে আইএমইডি জানায়, বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য চেয়ে গত বছরের ১৮ ডিসেম্বর মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয় কোনো তথ্য দেয়নি। জবাবে মন্ত্রণালয় বৈঠকে জানায়, চিঠিটি খুঁজে পাওয়া যায়নি। এর জবাবে কমিটির সভাপতি আলী আশরাফ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভর্ৎসনা করেন। বিষয়টি নিয়ে বৈঠকে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শামসুর রহমান শরীফ, রাশেদা বেগম, বি এম মোজাম্মেল হক ও খালিদ মাহ্মুদ চৌধুরী অংশ নেন।বৈঠক শেষে খালিদ মাহ্মুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির তথ্য আইএমইডিকে কমিটির আগামী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়েছে। আর মন্ত্রণালয়কে যথাসময়ে আইএমইডিতে তথ্য পাঠাতে বলা হয়েছে।রাশেদা বেগম বলেন, বৈঠকে জলবায়ুর পরিবর্তনজনিত খাতে পাওয়া বিদেশি সাহায্য কীভাবে ব্যয় হচ্ছে, তা কমিটিকে জানাতে বলা হয়েছে।