বন রক্ষায় মানুষকে প্রহরীর ভূমিকায় থাকতে হবে
ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে নিজেদের স্বার্থে বনকে রক্ষা করতে হবে। বনাঞ্চল রক্ষায় প্রহরীর ভূমিকা পালন করতে হবে স্থানীয় মানুষকে। পরিবেশ বাঁচলে মানুষের জীবন বাঁচবে। গতকাল শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া রেঞ্জে উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বন ও পরিবেশ সচিব কামাল উদ্দিন আহমদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে পদুয়া রেঞ্জের ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ৭২ হাজার টাকার চেক ও বড়দুয়ারা বিটের ২৫০ জন উপকারভোগীর জমির দলিল হস্তান্তর করা হয়।
সভায় বক্তারা বলেন, স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে এলাকার বনাঞ্চলকে সুরক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। উপকারভোগীরা নিজেদের টাকা বিনিয়োগ করে বনে চারা রোপণ ও বনকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। বন বিভাগ এ কাজে সার্বিক সহযোগিতা করবে। এতে উপকারভোগীরা আর্থিকভাবে লাভবান হবেন এবং এলাকার বনভূমি রক্ষা পাবে।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুচ আলী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম, বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাশ প্রমুখ।