বন রক্ষায় যত্রতত্র মুঠোফোনের টাওয়ার স্থাপন বন্ধের দাবি
প্রাকৃতিক বন রক্ষায় মুঠোফোনের টাওয়ার স্থাপনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলন এই দাবি জানায়। প্রতিষ্ঠান দুটি অনতিবিলম্বে ক্ষতিকর গাছ লাগানোর কর্মসূচি বন্ধেরও আহ্বান জানায়।আজ রোববার বিশ্ব প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনএফপি) এবং প্রাণবৈচিত্র্য সনদ যৌথভাবে এ বছরের প্রতিপাদ্য ঠিক করেছে বনের বৈচিত্র্য। ২০১১ সালটি আন্তর্জাতিক বন বছর হিসেবে বিবেচিত হচ্ছে।মূল প্রবন্ধে উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার বলেন, সারা দেশে অসংখ্য মুঠোফোনের টাওয়ার স্থাপনের ফলে গাছপালার ওপর ইলেকট্রো ম্যাগনেটিক প্রভাব পড়ছে বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। এ ক্ষেত্রে আরও বিস্তারিত গবেষণার সুযোগ আছে।ফরিদা আখতার আরও বলেন, বাংলাদেশে বিদেশি সাহায্য নিয়ে বন সৃষ্টির পরিবর্তে প্রাকৃতিক বন ধ্বংস করে ফেলা হয়েছে। প্রাকৃতিক বনের অধিকাংশ বিলীন হয়ে গেছে, এসব জায়গায় লাগানো হয়েছে আকাশমণি, ইউক্যালিপটাস, পাইন ও রাবারগাছ। তামাক চাষকেও অর্থনৈতিক ফসল হিসেবে গণ্য করা হচ্ছে।নয়াকৃষি আন্দোলনের পরামর্শক এম এ সোবহান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।