রাঙামাটিতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সম্মেলন
বন রক্ষায় হেডম্যান ও কার্বারিদের ভূমিকা রয়েছে
চাকমা সার্কেলপ্রধান রাজা দেবাশীষ রায় বলেছেন, বন ও ভূমি নিয়ে বন বিভাগের সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর দূরত্ব বেড়ে গেছে। বননির্ভর জনগোষ্ঠী থেকে শুরু করে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের বন ব্যবস্থাপনার পরিকল্পনায় যুক্ত থাকতে হবে। বন রক্ষার কাজে মূল ভূমিকা রাখতে হবে গ্রামপ্রধান (কার্বারি) ও হেডম্যানদের (মৌজাপ্রধান)।
গতকাল রোববার সকালে রাঙামাটি শহরের চাকমা সার্কেল কার্যালয় চত্বরে ‘গ্রামীণ সাধারণ বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাজা দেবাশীষ রায় এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) ওয়াটার শেড কো-ম্যানেজমেন্ট অ্যাকটিভিটিজ প্রকল্প।
দেবাশীষ রায় বলেন, সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বন রক্ষার মাধ্যমে পরিবেশ-প্রতিবেশ স্বাভাবিক রাখতে হবে। বন বিভাগের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এ কাজ করতে হবে। এ জন্য প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা নিতে হবে।
দেবাশীষ রায় বলেন, পাহাড়ি ছড়া-ঝরনা শুকিয়ে গেলে বন্য পশু-পাখি হারিয়ে যাবে। মানুষের অস্তিত্ব বিপন্ন হবে। বন ব্যবস্থাপনায় বননির্ভর মানুষের দক্ষতা বাড়ানো দরকার।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি গৌতম দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে লোকসংখ্যা বাড়ছে, বন ও পরিবেশ ধ্বংস হচ্ছে। নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বন বাঁচাতে হবে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) উপপরিচালক প্রসেনজিৎ চাকমা জানান, বন রক্ষার মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন রোধ ও ওয়াটার শেড ব্যবস্থাপনার জন্য পার্বত্য চট্টগ্রামের তিন সার্কেল (চাকমা, বোমাং ও মং) কার্যালয়কে ইউএসএআইডি সহায়তা দিচ্ছে। এ সহায়তাকে কাজে লাগিয়ে বনকে বাঁচাতে হবে।
‘পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) ওয়াটার শেড কো-ম্যানেজমেন্ট অ্যাকটিভিটিজ’ প্রকল্পের সমন্বয়কারী মংহ্লা মিয়ান্ট জানান, প্রকল্পের আওতায় চাকমা সার্কেলের বিভিন্ন মৌজার ১৪৫টি গ্রামীণ সাধারণ বন এলাকার দুই শতাধিক হেডম্যান, কার্বারি ও স্থানীয় অধিবাসীকে নিয়ে গ্রামীণ সাধারণ বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বননির্ভর এসব লোকজনের অভিজ্ঞতা বিনিময়, সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের লক্ষ্যেই এ সম্মেলন আয়োজন করা হয়েছে।