বনকর্মী ও জমি দখলকারীদের মধ্যে সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গত বৃহস্পতিবার বনকর্মী ও তাঁদের সহায়তাকারীদের সঙ্গে বন বিভাগের জমি দখলকারীদের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় বনকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি ফাঁকা গুলি ছোড়েন। বন বিভাগ সূত্র জানায়, উপজেলার লাকচতল গ্রামে বন বিভাগের জমি চাষাবাদের খবর শুনে শ্রীপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বনকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় চাষাবাদের কাজে ব্যবহূত ট্রাক্টর জব্দ করলে দখলকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ওই এলাকার মো. গোলন্দাজ এবং তাঁর কমপক্ষে ৩০ সহযোগী দা, লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালান। পরিস্থিতি মোকাবিলা করতে বনকর্মীরা তিনটি ফাঁকা গুলি ছোড়েন। এ সময় তিনজন বনকর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বনকর্মীদের সহযোগিতায় এগিয়ে আসা এলাকাবাসী বাবুলের বাড়িতে অভিযুক্ত দখলকারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এতে এলাকাবাসী আশরাফুল ইসলাম ও এমদাদুল হক আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে গোলন্দাজের ভাগিনা রুহুল আমীন জানান, এলাকার অনেকেই বন বিভাগের জমি চাষাবাদ করছে। বনকর্মীরা সংঘর্ষের সময় গোলন্দাজের মাথায় বন্দুক দিয়ে আঘাত করে। তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে কমপক্ষে ৩০ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, ওই রাতে খবর পেয়ে দখলকারীদের হাত থেকে বনকর্মীদের উদ্ধার করা হয়।