বনকর্মী-দস্যু গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সামাজিক বনায়ন এলাকায় গতকাল বুধবার বনকর্মীদের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি হয়েছে। এ সময় দস্যু দলের প্রধান নুরুল আলম ওরফে বুলেটকে (৩৫) অস্ত্রসহ আটক করা হয়।
সামাজিক বনায়নের উপকারভোগীরা বলেন, নুরুল আলম ওরফে বুলেটের নেতৃত্বে সাত-আট জন বনদস্যু গতকাল দুপুরে ২০০৩ সালে সৃজিত সামাজিক বনায়নের গাছ কেটে লুটের চেষ্টা করে। খবর পেয়ে বনকর্মীরা উপস্থিত হলে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বনদস্যুরা। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
স্থানীয় লোকজন জানান, দুই পক্ষের মধ্যে ১২-১৪টি গুলিবিনিময় হয়। ডুলাহাজারা বন বিট কর্মকর্তা মো. মামুন মিয়া প্রথম আলোকে বলেন, বনদস্যুরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় বনকর্মীরাও পাল্টা গুলি চালান। এতে কেউ হতাহত হয়নি।
মামুন মিয়া জানান, বনদস্যু দলের প্রধান নুরুল আলমকে দেশে তৈরি একটি অস্ত্রসহ আটক করা হয়। তাঁর কাছ থেকে দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
মামুন মিয়া বলেন, ৫ সেপ্টেম্বরও এই দস্যুদলের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি হয়। ওই সময় নুরুল আলমসহ তিন বনদস্যুর নাম উল্লেখ করে মামলা হয়েছিল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, অস্ত্রসহ আটক বনদস্যু দলের প্রধানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বন ও অস্ত্র আইনে আরও তিন-চারটি মামলা রয়েছে।