বনকর্মীদের ওপর হামলা বেড়েই চলেছে
কাঠ চুরি রোধ ও চোরাই কাঠ উদ্ধার করে বন আইনে মামলা করার জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জে বনকর্মীদের ওপর দস্যুদের সশস্ত্র হামলা বেড়ে গেছে। গত তিন মাসে উপজেলায় বিভিন্ন পর্যায়ের ১৩ জন বন কর্মকর্তা হামলায় আহত হয়েছেন। নিরাপত্তা চেয়ে ডিপ্লোমা বনবিট পরিষদ গত মাসে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।বাংলাদেশ ডিপ্লোমা বনবিট পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ জানান, কমলগঞ্জে বনাঞ্চলের মূল্যবান সম্পদ রক্ষা করতে গিয়ে চিহ্নিত বনদস্যুদের নির্যাতনের শিকার হয়ে গত তিন মাসে ১৩ জন গুরুতর আহত হয়েছেন। ফলে কমলগঞ্জের বনাঞ্চলে কর্মরত বনবিট, সহকারী বনবিট কর্মকর্তা ও বনকর্মীদের মধ্যে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদমপুর থেকে বিটে ফেরার পথে আদমপুর ইউনিয়নের একদল বনদস্যু সহকারী বনবিট কর্মকর্তা নহুস চন্দ্র হাজংয়ের (৪০) গতি রোধ করে এবং তাকে পিটিয়ে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়। এর আগে গত জানুয়ারিতে বন মামলার আসামিরা সরইবাড়ি এলাকায় কালাছড়া বনবিট কর্মকর্তা, ভানুগাছ বাজারে বাঘমারা বন ক্যাম্প কর্মকর্তা জুলহাস উদ্দিনকে পিটিয়ে আহত করে।রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন বলেন, বনদস্যুরা হিংস্র হয়ে উঠেছে। এ অবস্থায় স্বল্পসংখ্যক জনবল দিয়ে নামমাত্র অস্ত্র দিয়ে বন রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিমউদ্দিন বলেন, পুলিশ গুরুত্বের সঙ্গে বনকর্মীদের ওপর হামলার বিষয়টি দেখছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বনকর্মীরা কীভাবে বন রক্ষা করবে তা নিয়ে তিনি চিন্তিত। শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।আবদুল আহাদ বলেন, দিনে দিনে প্রভাবশালী মহলের মদদে বনদস্যুরা আরও হিংস্র হয়ে উঠছে। তারা এখন টার্গেট হিসেবে বনবিট কর্মকর্তা ও কর্মচারীদের প্রকাশ্যে পেটাচ্ছে। এ জন্য সংগঠনের পক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর জানমালের নিরাপত্তা চেয়ে স্মারকলিপি পেশ করা হয়েছে।