বনকর্মীদের গুলিতে আদিবাসী নিহত হওয়ার অভিযোগ
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার শালবন জুম এলাকায় বনকর্মীদের বিরুদ্ধে প্রিয়লাল তঞ্চঙ্গ্যা ওরফে পালক্যা (৩২) নামের এক আদিবাসীকে গুলি করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।নিহত প্রিয়লালের লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে বন বিভাগ বলছে, বিষয়টি তাদের জানা নেই।প্রিয়লালের স্ত্রী চন্দ্রবতী তঞ্চঙ্গ্যা ও শ্যালক জীবক তঞ্চঙ্গ্যা জানান, গত শনিবার সকাল সাড়ে নয়টার দিকে কাপ্তাই ইউনিয়নের শালবন জুম এলাকায় প্রিয়লাল তঞ্চঙ্গ্যাসহ দুজন বাড়িতে ব্যবহারের জন্য কাঠ আনতে গ্রামের পাশের বনে যান। এ সময় বনকর্মীরা সেখানে পৌঁছে কোনো কিছু না বলে গুলি করেন। এতে প্রিয়লাল ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।পরিবারের লোকজন জানান, ওই এলাকা সরকারি সংরক্ষিত বন হলেও স্থানীয় লোকজনের জুম চাষের জন্য অনুমোদিত। তা ছাড়া ওই স্থানে বন বিভাগের কোনো বন নেই।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জীবক তঞ্চঙ্গ্যা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে মামলায় কয়েকজন অজ্ঞাতনামা বনকর্মী গুলি করেছেন বলে উল্লেখ করা হয়েছে।এদিকে গতকাল রোববার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন বিভাগের লোকজন কর্তৃক নিরীহ আদিবাসীকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে যোগযোগ করা হলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হোসেন মোহাম্মদ নিশাদ বলেন, ‘এ ব্যাপারে আমাদের কাছে কোনো সংবাদ নেই।’