বনকর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ আহত ৬
গাজীপুরে বন বিভাগের জমি দখল নিয়ে বন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে জাহাঙ্গীর আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হন। আহত হন উভয় পক্ষের আরও পাঁচজন। গতকাল বুধবার গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় ওই ঘটনা ঘটে।আহত অন্য ব্যক্তিরা হলেন: রাজেন্দ্রপুর (পশ্চিম) বন বিটের কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম ও বাউপাড়া বিট কর্মকর্তা মোহসিন হাওলাদার, গুলিবিদ্ধ জাহাঙ্গীরের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৫), বোন আকলিমা বেগম (৪০) ও মা হালিমুন্নেছা (৫৫)। তাঁদের গাজীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমের শ্বশুর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, প্রায় এক মাস আগে বানিয়ারচালা এলাকার ওই জমিতে জাহাঙ্গীর সীমানা প্রাচীর নির্মাণ করেন। তাঁর ওই জমির কাগজপত্র থাকার পরও স্থানীয় সিংরাতলী বন বিট কার্যালয়ের কর্মকর্তারা ওই জমিটি বন বিভাগের বলে দাবি করেন। গতকাল সকাল ছয়টার দিকে বনের লোকজন ওই প্রাচীরটি ভেঙে দিতে যান। এ সময় জাহাঙ্গীর ও তাঁর পরিবারের লোকজন বাধা দেন। পরে তাঁদের সঙ্গে অন্যান্য স্বজন ও আশপাশের প্রতিবেশীরাও যোগ দেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে বনকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে বনের লোকেরা গুলি ছোড়েন। এতে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হন।তবে আহত বন কর্মকর্তা মঞ্জুরুল আলম সাংবাদিকদের বলেন, ‘বনের জমি দখলমুক্ত করতে গেলে দখলদার জাহাঙ্গীরসহ কয়েকজন লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর চড়াও হয়। তাদের লাঠির আঘাতে তিন বন কর্মকর্তা-কর্মচারী আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়েছে।’