বনকর্মীদের সঙ্গে দস্যুদের বন্দুকযুদ্ধ, একজন আটক
কক্সবাজারের উত্তর বন বিভাগের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের হারগাজার পাগলিরবিল গ্রামে গত বুধবার রাত ১০টায় বনকর্মীদের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ২০-২৫ রাউন্ড গুলিবিনিময় হয়।
পরে বনকর্মীরা ঘটনাস্থল থেকে একটি তাজা কার্তুজ ও গুলির খোসাসহ নুরুল আবছার নামের এক বনদস্যুকে আটক করেন। সামাজিক বনায়ন কমিটির সভাপতি শাহেদ মীরজাদা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ওই দিন রাত নয়টার দিকে ১৫-২০ জনের অস্ত্রধারী বনদস্যু তাঁদের বনে ঢুকে গাছ লুটের চেষ্টা করে।
খবর পেয়ে বনকর্মীরাও পাগলিরবিল এলাকায় অভিযান চালান।
ডুলাহাজারা বন বিট কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, বনদস্যুরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এ সময় বনকর্মীরাও পাল্টা গুলি ছোড়েন। এতে কেউ হতাহত না হলেও একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কাটা গাছ।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. শরাফত উল্লাহ বলেন, বনায়নের গাছ লুটের চেষ্টা ও বন্দুকযুদ্ধের ঘটনায় বিট কর্মকর্তা মো. মামুন মিয়া বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। এতে আটক নুরুল আবছার ও বনদস্যু চক্রের প্রধান নুরুল আলম বুলেট এবং সহযোগী গিয়াস উদ্দিনকে আসামি করা হয়েছে।