বনকর্মীর গুলিতে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন বিভাগের নৌকাচালকের গুলিতে একজন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কবাদক স্টেশনের বাটুলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রফিকুল ইসলাম ঢালী (৩২)। তিনি খুলনার কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গী গ্রামের মোহাম্মদ ঢালীর ছেলে। মাটিয়াভাঙ্গী গ্রামের শ্রমিক আমির আলী জানান, গতকাল বৃহস্পতিবার কবাদক স্টেশনের কাজের জন্য কাঠ কাটতে তিনিসহ একই গ্রামের হায়াত আলী, রফিকুল ইসলাম ঢালী ও কুদ্দুস গাজী চুক্তিবদ্ধ হন। সকাল আটটার দিকে ওই স্টেশনের বনপ্রহরী কুদ্দুস, নৌকাচালক নিজামুল কবীর ও মনিরুল ইসলামের নেতৃত্বে তাঁরা সুন্দরবনে কাঠ কাটতে যান। নয়টার দিকে সুন্দরবনের খোলপেটুয়া নদীর বাটুলা এলাকায় একটি ডিঙি নৌকা দেখে বন বিভাগের সদস্যরা সেটি ডাকাতদের নৌকা ভেবে প্রস্তুতি নেওয়ার সময় গুলি বের হয়ে রফিকুল ইসলাম ঢালীর ঊরুতে লাগে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক তৌফিকুল ইসলাম দাবি করেন, বন বিভাগের পক্ষ থেকে কাউকে কাঠ কাটতে বনে নেওয়া হয়নি। নিয়মিত টহলের সময় একটি কাঠবোঝাই ডিঙি দেখে বন বিভাগের সদস্যরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় অসাবধানতাবশত রাইফেল থেকে গুলি বের হয়ে রফিকুল ইসলাম ঢালীর ঊরুতে লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।