বনগাঁ সীমান্তে বাংলাদেশি কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার বাংলাদেশি এক কিশোরীকে (১৩) উদ্ধার করেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা সীমান্তের গুনারমাঠ এলাকায় ধর্ষণ করে ফেলে রেখে যায় দুই দুষ্কৃতকারী। কিশোরীর বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়।
বিএসএফ এক বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার রাতে ওই এলাকায় গোঙানির শব্দ শুনতে পেয়ে জওয়ানরা গিয়ে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। রাত নয়টার দিকে কাছের ক্যাম্প থেকে নারী কনস্টেবল এনে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়। বুধবার দুই দেশের আংড়াইল-পুটখালী সীমান্তে পতাকা বৈঠকের পর মেয়েটিকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়।
বিএসএফ জানায়, মেয়েটি তার দুই আত্মীয়ের সঙ্গে বেআইনিভাবে একটি নৌকায় চড়ে মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁ সীমান্ত দিয়ে ইছামতী নদী পার হচ্ছিল। এ সময় নৌকায় থাকা এক ব্যক্তি হঠাৎ পুলিশের লঞ্চ আসছে বলে চিৎকার করে ওঠে। তখন হুড়োহুড়িতে নৌকাটি কাত হয়ে যাত্রীরা পানিতে পড়ে যায়। মেয়েটির দুই আত্মীয় নদী সাঁতরিয়ে পালিয়ে যায়। তখন দুষ্কৃতকারীরা মেয়েটিকে উদ্ধার করে গুনারমাঠ এলাকায় নিয়ে ধর্ষণ করে।