প্রধান বন সংরক্ষক মোহাম্মদ ইউনুছ আলী বলেছেন, বনজ সম্পদ রক্ষায় যাঁদের পাহারাদার নিযুক্ত করা হয়, তাঁদের অনেকেই বনজ সম্পদ ধ্বংসে জড়িয়ে পড়েন। বনজ সম্পদ ধ্বংসে বনকর্মীদেরও জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। গতকাল শনিবার সকালে কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ ইউনুছ আলী বলেন, জ্বালানি কাঠ সংগ্রহের জন্য অনেকে বনে আগুন ধরিয়ে দেন। এতে বনাঞ্চল উজাড় হচ্ছে। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। পাহাড় কেটে পরিবেশেরও ক্ষতি করা হচ্ছে।
প্রধান বন সংরক্ষক সংরক্ষিত পাহাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের নির্দেশ দিয়ে বনকর্মীদের বলেন, বন হারিয়ে গেলে মানব বসতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তাই দখলবাজদের শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। এ জন্য জনগণের অংশীদারত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাড়াতে হবে।
কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের উপ-বন সংরক্ষক মো. আলী কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো. আবদুল লতিফ মিয়া, কক্সবাজার (উত্তর) বন বিভাগের উপ-বন সংরক্ষক শাহ-ই-আলম।
বক্তব্য দেন হিমছড়ি জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা ক্রেল প্রকল্পের কক্সবাজার সমন্বয়ক বিশ্বজিত সেন, রামুর খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, সহকারী বন সংরক্ষক এম এ হাসান প্রমুখ।
সভা শেষে সামাজিক বনায়নের উপকারভোগী ২০ জন নারী-পুরুষের প্রত্যেককে ১ লাখ ৩২ হাজার ৫৪১ টাকার লভ্যাংশের চেক দেওয়া হয়। এ ছাড়া ১৫০ জন সামাজিক বনায়নের উপকারভোগীর সঙ্গে বন বিভাগের চুক্তি করা হয়।