বনজ সম্পদ পাচার ঠেকাতে সুন্দরবনে রেড এলার্ট
ঈদের ছুটির সময় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় বনজ সম্পদ পাচার রোধসহ যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বন বিভাগের পক্ষ থেকে বিশেষ সতর্কতা (রেড এলার্ট) জারি করা হয়েছে। পাশাপাশি বন কর্মকর্তা ও রক্ষীদের ঈদের ছুটি সীমিত করা হয়েছে। গত বুধবার বিকেলে চাঁদপাই রেঞ্জের সদর দপ্তরে চারটি স্টেশন ও ১৯টি ক্যাম্প কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।বন বিভাগের চাঁদপাই রেঞ্জ সূত্রে জানা গেছে, সাধারণত প্রতি ঈদে টহল কার্যক্রম জোরদার না থাকায় বনের গহিনে পাচারকারী চক্রের দৌরাত্ম্য ব্যাপকভাবে বাড়ে। এ অবস্থায় এবারের ঈদে বনজ সম্পদ পাচারকারীদের ঠেকাতে বন বিভাগ কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. সাহাবুদ্দিন বলেন, ঈদের ছুটির সময় বনজ সম্পদ পাচার ও নাশকতা রোধে চাঁদপাই রেঞ্জের প্রতিটি স্টেশন ও ক্যাম্প এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে ঈদের সাত দিন পর পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।