বনজ সম্পদ রক্ষায় ১৮ সদস্যের টাস্কফোর্স
অবৈধভাবে বনভূমি দখল, বনজ সম্পদের অবৈধ পাচার এবং বন্যপ্রাণী নিধন প্রবণতা রোধে পরিবেশ ও বনমন্ত্রীকে সভাপতি করে ১৮ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় এ টাস্কফোর্স গঠন করা হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
টাস্কফোর্সের কার্যপরিধি হবে বনভূমি দখল রোধ, জাতীয় পর্যায়ে দেশের যাবতীয় বনজ সম্পদ পাচার রোধ এবং বন্যপ্রাণী নিধন ও পাচার প্রতিরোধ সম্পর্কিত বিষয়ে সমন্বয় করা। বনজ সম্পদ পাচার সম্পর্কিত বন আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এবং অন্যান্য সংশ্লিষ্ট আইনের সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন। বনজ সম্পদ পাচার এবং বন্যপ্রাণী নিধন, পাচারপ্রবণ এলাকা ও অধিক পরিমাণে পাচারকৃত বনজ সম্পদ ও বন্যপ্রাণী নির্ধারণ এবং প্রতিরোধকল্পে সিদ্ধান্ত নেওয়া। বনজ সম্পদ পাচার এবং বন্যপ্রাণী নিধন ও পাচার প্রতিরোধ কাজের জন্য যাবতীয় গোয়েন্দা নেটওয়ার্কের উন্নতি, পরিবর্তন ও পরিবর্ধন এ সম্পর্কিত নীতিমালা প্রণয়ন। বনজ সম্পদ পাচার এবং বন্যপ্রাণী নিধন ও পাচার প্রতিরোধে বিভাগীয় এবং জেলা পর্যায়ে টাস্কফোর্স কমিটি গঠনের কাজও করবে কমিটি। টাস্কফোর্স প্রতি তিন মাসে একবার বৈঠক করবে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টাস্কফোর্সের সদস্যসচিব হিসেবে কাজ করবেন। সদস্য হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক (ডিজি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের ডিজি, বাংলাদেশ কোস্ট গার্ডের ডিজি, আনসার ভিডিপির ডিজি, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, ছয়টি বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রধান বন সংরক্ষক।