বনজ সম্পদ লুটপাটের জন্য দলীয় নেতা-কর্মীরা দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বনজ সম্পদ লুটপাটের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই দায়ী। আদর্শগত দ্বন্দ্ব থাকলেও লুটপাটের সময় ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতা-কর্মীরা এক হয়ে যাচ্ছেন। এদের সঙ্গে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও জড়িত।সিলেট নগরের নাইওরপুল এলাকার একটি রেস্তোরাঁর মিলনায়তনে গতকাল সোমবার সন্ধ্যায় ‘বন ও আদিবাসী জীবন-জীবিকা: সিলেট অঞ্চলের অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সিলেটের মুখ্য বিচারিক হাকিম সৈয়দ দিলজার হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহিরুল হক। স্বাগত বক্তব্য দেন বেলার সিলেটের সমন্বয়কারী শাহ সাহেদা আখতার এবং বাপার সিলেট শাখার সাধারণ সম্পাদক এ কে কীম।মূল প্রবন্ধে জহিরুল হক বলেন, আদিবাসীরা যুগের পর যুগ বনভূমি সংরক্ষণ করে আসছে। বনকে ঘিরেই গড়ে উঠেছে আদিবাসীদের মনোজগৎ, কৃষি, সংস্কৃতি, সাহিত্য, ধর্ম, সত্তা, বৈভব ও লোকায়ত জ্ঞানবিজ্ঞান। আদিবাসী জনগণ প্রকৃতিগতভাবে প্রাকৃতিক বনের সংরক্ষক। অথচ উন্নয়নের নামে বনভূমি থেকে আদিবাসীদের বিচ্ছিন্ন করার নানামুখী প্রয়াস চলছে।জহিরুল হক আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে কিছুসংখ্যক স্বার্থান্বেষী মানুষের কারণে সিলেটের নাহার পানপুঞ্জি, ঝিমাই চা-বাগান, মাধবকুন্ড ইকোপার্ক, লাউয়াছড়া সংরক্ষিত বনের পরিবেশ বিপন্ন হচ্ছে এবং আদিবাসীদের জীবন-জীবিকাসহ হুমকির মুখে পড়েছে।’প্রধান অতিথি সৈয়দ দিলজার হোসেন বলেন, ‘পৃথিবীকে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলতে হলে পরিবেশ বিপর্যয় রোধ করতে হবে। বাংলাদেশের চলমান পরিবেশ বিপর্যয়ের কারণগুলো নির্ধারণ করে তা থেকে পরিত্রাণের উপায় আমাদেরকেই খুঁজতে হবে।’পরে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন বাপা সিলেটের সহসভাপতি মোহাম্মদ ইউনুছ, ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী ইরফানুজ্জামান চৌধুরী, মহিলা আইনজীবী সমিতি সিলেট বিভাগের সমন্বয়ক সৈয়দা শিরিনা আক্তার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রেদোয়ান, আইনজীবী বদরুল আহমদ চৌধুরী, ছহুল আহমদ, কামাল হোসেন, উন্নয়নকর্মী নাজিম আহমদ প্রমুখ।মুক্ত আলোচনা শেষে প্রবন্ধকার সিলেটের চা-বাগানগুলোতে অপরিপক্ব গাছ কাটা বন্ধ, পাহাড়ি এলাকা থেকে খাসিয়া উৎখাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিবেশ ও বনসংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি দপ্তরের দুর্নীতি বন্ধসহ ১০টি সুপারিশ উপস্থাপন করেন।