প্রায় দুই মাস পর আজ রোববার থেকে পূর্ব সুন্দরবনে বনজীবীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বন বিভাগ। কয়েক দিনের ব্যবধানে সুন্দরবনে চারবার আগুন লাগার ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল থেকে পূর্ব সুন্দরবনে বনজীবীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
হঠাৎ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় সুন্দরবনের ওপর নির্ভর করে জীবিকা আহরণ করা বহু লোক সংকটে পড়েন। কয়েক লাখ বনজীবীর জীবন-জীবিকা বন্ধ হয়ে যায় প্রায়। এই কয়দিন তাঁরা মানবেতর জীবন যাপন করছিলেন। বাগেরহাটের শরণখোলা উপজেলার সহস্রাধিক জেলে গত সপ্তাহে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন করেন।
এই প্রতিবেদক গত ১৫ দিনে বাগেরহাটের মোংলা, রামপাল ও শরণখোলার বিভিন্ন শ্রেণির বনজীবীদের সঙ্গে কথা বলেন। মোংলার জয়মনির ঘোল এলাকার জেলে নাসির বলেন, ‘আমরা খুবই গরিব। সুন্দরবনের ওপর নির্ভর করেই আমরা বেঁচে আছি। গত দুই মাস যাবৎ বনে ঢুকতে পারি না। সংসার চালাতে পারছি না। পরিবারসহ সবাই না খেয়ে আছি। গুটি কয়েক দুর্বৃত্তের জন্য আমরা কেন দায়ী হব।’
সুন্দরবন নিয়ে এক যুগ ধরে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের সমন্বয়কারী মাহবুবুল আলম বলেন, পূর্ব সুন্দরবন এলাকায় মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা, মঠবাড়িয়া ও পাথরঘাটা—এই পাঁচটি উপজেলা রয়েছে। এখানে প্রায় ১৩ লাখ মানুষ বসবাস করে। তাদের ৭৫ শতাংশ লোকের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুন্দরবনের ওপর নির্ভরশীল। এ ছাড়া মৌসুমভিত্তিক (ইলিশ, শুঁটকি, গোলপাতা আহরণ, মধু সংগ্রহ মৌসুম) বনজীবীদের সংখ্যা দাঁড়ায় পাঁচ লাখের বেশি। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধের কারণে এই বিপুলসংখ্যক জনগোষ্ঠীই গত দুই মাসে আয়-রোজগারের পথ হারিয়ে চরম মানবেতর জীবন যাপন করছিল।
সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) জহির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পূর্ব সুন্দরবনে একের পর এক নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বনের পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে প্রবেশের সব ধরনের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বনজীবীদের মানবিক বিষয় বিবেচনা করে রোববার থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হচ্ছে। বন বিভাগের নির্দিষ্ট রাজস্ব প্রদান করে পূর্ব সুন্দরবনের বনজীবীরা এখন বনে প্রবেশ করে জীবিকা নির্বাহ করতে পারবেন।