বন্য প্রাণীর আক্রমণে হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুন্দরবন অঞ্চলের বনজীবী ও মৎস্যজীবীরা। পাশাপাশি তাঁরা সরকারি এই নীতিমালাটি কাঠুরিয়া, বাওয়ালি, মৌয়াল, জেলেসহ বনজীবীদের মাঝে ব্যাপক প্রচার করার দাবি জানিয়েছেন। বনজীবীরা জানান, নতুন এই সিদ্ধান্ত সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।‘বন্য প্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপূরণ নীতিমালা ২০১০’ শিরোনামের প্রজ্ঞাপনটি গত ১০ নভেম্বর জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বৈধভাবে সরকারি বনাঞ্চলে প্রবেশের পর কোনো ব্যক্তি বন্য প্রাণী বিশেষ করে বাঘ, কুমির অথবা হাতির আক্রমণে নিহত হলে এক লাখ টাকা এবং পঙ্গু হলে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন। একইভাবে সরকারি বনাঞ্চলের বাইরে আক্রান্ত হলেও ক্ষতিগ্রস্ত ব্যক্তি একই অঙ্কের অর্থ ক্ষতিপূরণ পাবেন। তা ছাড়া বন্য প্রাণীর দ্বারা কোনো ব্যক্তির গবাদিপশু, ঘরবাড়ি, গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রজ্ঞাপন জারির পর সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে ১৯ নভেম্বর রশিদ মুন্সী (৫৫), চাঁদপাই রেঞ্জে ২৩ নভেম্বর কাশেম সরদার (৩০), সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জে ২৫ নভেম্বর জামাল ছানা (৩২) ও আরমান গাজী (৪৫) নামের চার ব্যক্তি রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে নিহত হন। তাঁদের মধ্যে তিনজন বৈধ পাস নিয়ে সুন্দরবনে ঢুকেছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী তাঁদের পরিবার ক্ষতিপূরণের জন্য সুন্দরবনের সংশ্লিষ্ট বিভাগে আবেদন করতে পারবেন। তবে বন বিভাগ সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কোনো আবেদন তাঁরা পাননি। ধারণা করা হচ্ছে, সরকারের ক্ষতিপূরণ প্রদানের এই সিদ্ধান্ত সম্পর্কে জানা না থাকায় ক্ষতিগ্রস্তদের পরিবার এখনো আবেদন করেনি। বাগেরহাটের শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের বাওয়ালি শাজাহান হাওলাদার বলেন, সরকারের এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত প্রশংসনীয়। শরণখোলা উপজেলার পাঁচ হাজারের বেশি মানুষ প্রতিবছর বনজ সম্পদ আহরণ করতে সুন্দরবনে ঢোকেন। তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ। কিন্তু এলাকার মানুষ এখনো এ বিষয়ে জানে না। তাই বিষয়টি সবাইকে জানানো দরকার। তাহলে পাস না নিয়ে কেউ আর বনে ঢুকবে না।খুলনার মংলা উপজেলা দক্ষিণ কাইনমারী গ্রামের হনফ সরদারের স্ত্রী চিংড়িরেণু আহরণকারী সেবা রানী সরদার বলেন, ‘বাঘ ও কুমিরের আক্রমণের ভয় সঙ্গে নিয়েই আমরা বনের পাশের খালে রেণু ধরতে যাই। আমার ছেলে শিবু সুন্দরবনে কাঠ কাটতে যায়। কখনো কখনো খাল পার হয়ে বাঘ আমাদের লোকালয়ে ঢুকে গরু-ছাগল মারে। তাই সরকারের এই ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত আমাদের মতো বনজীবীদের জন্য খুবই খুশির খবর। বিষয়টি এলাকার সব মানুষের জানা দরকার।সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো এবং পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. জহিরুদ্দিন আহমেদ জানান, এই প্রজ্ঞাপনের আওতায় ঘটনার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার কাছে নির্ধারিত ফরম পূরণ করে ক্ষতিগ্রস্তদের আবেদন করতে হবে। এ ধরনের ঘটনা মীমাংসায় তদন্ত কমিটির প্রতিবেদন দরকার হবে।