বনদস্যু আলীর দুই চোখ উপড়ে ফেলেছে ক্ষুব্ধ গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বনদস্যু আলী বাহিনীর প্রধান আলী জমাদ্দারের (৩০) দুই চোখ উপড়ে ফেলেছে ক্ষুব্ধ গ্রামবাসী। বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন খুড়িয়াখালী গ্রামে গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। এ সময় আলী জমাদ্দারের হাতে মুক্তিপণের দাবিতে আটক থাকা সঞ্জয় হালদার নামের এক দর্জিকে জনতা উদ্ধার করে।আলী জমাদ্দার খুড়িয়াখালী গ্রামের শাজাহান জমাদ্দারের ছেলে। তিনি নিজ নামে বনদস্যু দল গঠন করে প্রায় ছয় মাস ধরে পূর্ব সুন্দরবনে দস্যুতা, চাঁদাবাজি ও জেলে, বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। উদ্ধার হওয়া সঞ্জয়ের শরণখোলার রায়েন্দা বাজারে একটি দর্জি দোকান রয়েছে। তাঁর বাড়ি সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে। আলী ও তাঁর দলের অপর দস্যুরা গত শনিবার রাতে সঞ্জয়কে চালিতাবুনিয়া গ্রাম থেকে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন এবং সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বিপুল চন্দ্র দাস জানান, খুড়িয়াখালী গ্রামে জনতার হাতে আলী জমাদ্দারের আটক হওয়ার খবর পেয়ে গতকাল সকালে শরণখোলা থানার পুলিশ ও বনরক্ষীদের একটি দল আলীকে আটক করতে খুড়িয়াখালীর উদ্দেশে যাত্রা করে। পুলিশ ও বনরক্ষীরা সেখানে পৌঁছার আগেই ক্ষুব্ধ গ্রামবাসী আলীর দুই চোখ উপড়ে ফেলে। পুলিশ গুরুতর আহত অবস্থায় আলীকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রহিম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, আলীর দুটি চোখই উপড়ে আলাদা করে ফেলা হয়েছে। তাঁর চোখ দুটি চিরতরে নষ্ট হয়ে গেছে।