বনদস্যু জিহাদ বাহিনীর ১০ সদস্যের যাবজ্জীবন
সুন্দরবনের বনদস্যু জিহাদ বাহিনীর ১০ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বাগেরহাট বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহা. মহিদুজ্জামান গতকাল বৃহস্পতিবার বিকেলে এই রায় ঘোষণা করেন।
অস্ত্র আইনে পুলিশের করা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পৃথক দুটি ধারায় তাঁদের দুই দফা যাবজ্জীবন কারাদাণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত বনদস্যুরা হলেন বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা গ্রামের শেখ ওমর ফারুক (৪৮), বরগুনা জেলার আমখোলা গ্রামের মতি শিকদার ওরফে মতিন (৪৩), একই জেলার নিদ্রার চর গ্রামের আবদুর রশিদ আকন ওরফে কালা মাঝি (৪৫), দক্ষিণ চর দু’আনি গ্রামের রিপন মোক্তার, একই গ্রামের আবদুল বারেক মোক্তার, বাগেরহাটের রামপাল উপজেলার প্রসাদনগর গ্রামের আলী, একই গ্রামের ওলি ওরফে আব্বাস, রামপাল উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মো. জাহাঙ্গীর, দক্ষিণ সন্ন্যাসী গ্রামের রফিক এবং খুলনা শহরের টিবি ক্রস রোড এলাকার মো. কামরুল ইসলাম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে প্রথমে উল্লেখিত তিনজন আদালতে উপস্থিত ছিলেন। অপর সাতজন পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৮ জানুয়ারি ভোরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনসংলগ্ন বলেশ্বর নদের কাটামারা এলাকা থেকে বাগেরহাট গোয়েন্দা পুলিশের একটি দল বনদস্যু জিহাদ ও তাঁর চার সহযোগীকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করে। পরে জিহাদ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবার সুন্দরবনে ফিরে দস্যুতা শুরু করেন। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাহিনীপ্রধান জিহাদ নিহত হন। এ পর্যায়ে তাঁর নাম বিচারপ্রক্রিয়া থেকে বাদ দেয়া হয়।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বকর ঘটনার দিন শরণখোলা থানায় জিহাদসহ আটক পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও (এফ) ধারায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন এসআই মো. ইমান উদ্দিন ওই বছরের ২৫ ফেব্রুয়ারি দলনেতা জিহাদসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত গতকাল ওই রায় দেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আলী আকবর, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি কাজী মনোয়ার হোসেন।