বনদস্যু সর্দার মুকুলের লাশ উদ্ধার
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্প এলাকার বদ্দার খাল ও ঝাপসীর খালসংলগ্ন বন থেকে গতকাল সোমবার বনদস্যু মুকুল বাহিনী-প্রধান মুকুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ ও কোস্টগার্ডের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালিয়ে মুকুলের লাশ উদ্ধার করে। তবে মুকুল বাহিনীর অপর দুই সদস্য কাদির সরদার এবং খোকন ওরফে কয়লা খোকনের সন্ধান পাওয়া যায়নি।গত রোববার পুলিশের হাতে আটক বনদস্যু এনামুল সরদারকে নিয়ে গতকাল কোস্টগার্ড পশ্চিম জোন, বাগেরহাটের মংলা থানা পুলিশ ও খুলনার দাকোপ থানা পুলিশ এই অভিযান চালায়।মংলা থানার পুলিশ গত রোববার মংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন একটি গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় এনামুল সরদারকে (৩৫) আটক করে। এনামুল নিজেকে মুকুল বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। আটক এনামুল পুলিশকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার সুন্দরবন পূর্ব বিভাগের জোংড়া ক্যাম্প এলাকায় মুকুল ও অভিজিৎ বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় মুকুল বাহিনীর প্রধান ও মংলার হলদিবুনিয়া গ্রামের মুকুল (২৮), গাববুনিয়া গ্রামের কাদির সরদার (৩৫) এবং একই গ্রামের খোকন ওরফে কয়লা খোকন (৩০) গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তিনি নিজে আহত হন। তাঁর বক্তব্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে সুন্দরবন থেকে মুকুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার পঙ্কজ রায় বলেন, পুলিশ ও কোস্টগার্ডের একটি যৌথ দল বনদস্যু মুকুলের লাশ, বন্দুকের ১৫টি তাজা গুলি, গুলির পাঁচটি খোসা ও সাড়ে ১২ হাজার টাকা উদ্ধার করেছে।