বনদস্যুদের নৌকা থেকে বোমা ও অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআরের নৌ-টহল দলের সদস্যরা সুন্দরবনের বনদস্যুদের নৌকা থেকে বোমা, অস্ত্র ও গান পাউডার উদ্ধার করেছেন। রোববার সন্ধ্যায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ডাকাতি খালের তালবাড়িয়া এলাকায় একটি নৌকায় তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।সাতক্ষীরা-৭ নীলডুমুর রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মাহফুজুর রহমান জানান, শনিবার হাবিলদার শাহ আলমের নেতৃত্বে নৌ-টহল দল সুন্দরবনের ভেতরে যায়। পরের দিন সন্ধ্যার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা সুন্দরবনের গহিনের ডাকাতি খাল এলাকায় দেখে তাদের সন্দেহ হয় এটিতে চোরাচালানের পণ্য বহন করা হচ্ছে। এ সময় থামাতে বললে বনদস্যুরা নৌকাটি তালবাড়িয়া এলাকায় নিয়ে যায়। পরে কাছে এসে দেখতে পান নৌকায় কেউ নেই। শেষে ওই নৌকায় তল্লাশি চালিয়ে দেশি তৈরি দুটি বন্দুক, চারটি হাতবোমা, ১৪৪টি চকোলেট বোমা ও প্রায় চার কেজি ওজনের গান পাউডার উদ্ধার করা হয়।