বনদস্যুদের হাতে বন বিভাগের লোক অবরুদ্ধ, প্রতিশ্রুতিতে মুক্তি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গতকাল রোববার অবৈধ কাঠ জব্দ করায় বনদস্যুরা বন বিভাগের লোকজনকে অবরোধ করে রাখে। পরে ভবিষ্যতে বনদস্যুদের কাজে বাধা না দেওয়ার প্রতিশ্রুতিতে তাঁদের ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্র জানায়, উপজেলার চকেরগাঁও গ্রামের কয়েকটি সরকারি খাস টিলা থেকে বনদস্যুরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাছ কেটে পাচার করছিল। গোপন খবরের ভিত্তিতে কুলাউড়া রেঞ্জের বন কর্মকর্তা মোখলেসুর রহমানের নেতৃত্বে পাঁচ-সাতজন বনপ্রহরী গতকাল দুপুরে চকেরগাঁওয়ে গিয়ে প্রায় এক হাজার ঘনফুট আকাশমণি ও বেলজিয়াম জাতের গাছের কাঠ জব্দ করেন। পরে ফেরার পথে উপজেলার সিরাজনগর চা-বাগান এলাকায় ২০-২৫ জন বনদস্যু লাঠিসোঁটা ও ধারালো দা নিয়ে বন বিভাগের লোকজনকে বহনকারী পিকআপ ভ্যান ঘিরে ফেলে। এ সময় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বনদস্যুরা উত্তেজিত হলে বন বিভাগের লোক ভবিষ্যতে ওই এলাকায় কাঠ জব্দ করতে যাবেন না বলে তাদের প্রতিশ্রুতি দেন। পরে বনদস্যুরা তাঁদের ছেড়ে দেয়।কুলাউড়া রেঞ্জের বন কর্মকর্তা মোখলেসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আত্মরক্ষার্থে উপস্থিত বুদ্ধি খাটিয়েছি।’ এ ঘটনায় তিনি কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন।