বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি সুলতানা কামাল বলেন, ‘যেসব স্থানে আদিবাসীদের তত্ত্বাবধানে পরিবেশ থাকে, সেখানে পরিবেশ কম নষ্ট হয়। তাই আদিবাসীদের কাছ থেকে পরিবেশ বিপর্যয় রোধ-সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের জানার রয়েছে। আগে প্রকৃতি দেখে আমরা ঋতুবৈচিত্র্য বুঝতে পারতাম। কিন্তু এখন পরিবেশের নানামুখী বিপর্যয়ের কারণে সেটা সম্ভব নয়।’সুলতানা কামাল গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের নাইওরপুল এলাকার একটি রেস্তোরাঁয় বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বাপা এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে সিলেটে আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘আদিবাসী জনগোষ্ঠী ও সিলেটের পরিবেশ’বিষয়ক আঞ্চলিক সম্মেলন সম্পর্কে ধারণা দিতে এই সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন ও যুগ্ম সম্পাদক শরীফ জামিল। এ সময় মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম ও হবিগঞ্জ শাখার সভাপতি ইকরামুল ওয়াদুদ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজকেরা বলেন, সিলেটের বনাঞ্চলগুলো বনদস্যুদের কবলে পড়ে ধ্বংসের মুখোমুখি। বিশেষ করে আদিবাসী-অধ্যুষিত বিভিন্ন বনাঞ্চল এসব দস্যুর করাল গ্রাসে পড়েছে।বক্তারা আরও বলেন, সিলেটের পাহাড়গুলোর বৃক্ষের আচ্ছাদন ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে এবং নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। এতে বৃষ্টির পানির সঙ্গে মাটি ধুয়ে আশপাশের পাহাড়ি ছড়া-নদী-লেক-জলাশয়কে ভরাট করে ফেলেছে।আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনে কারিগরি ও সাধারণ—এই দুটি অধিবেশনে গবেষকদের দ্বারা প্রস্তুতকৃত বিশ্লেষণধর্মী তথ্য-উপাত্তের সঙ্গে আদিবাসীদের জীবন-জীবিকার ওপর বিভিন্ন প্রদর্শনী, আলোকচিত্র, পোস্টার, সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি আদিবাসীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, চলচ্চিত্র, ভিডিও প্রদর্শনীসহ আদিবাসীদের ঐতিহ্যগত সাংস্কৃতিক কর্মকাণ্ডের নানা আয়োজন থাকবে।