বনদস্যুরা আত্মসমর্পণ করতে চাইলে বিবেচনা করা হবে: সাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সুন্দরবনের বনদুস্যরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে সরকার বিষয়টি সাধারণ ক্ষমার আওতায় বিবেচনা করবে। গতকাল শুক্রবার মংলা বন্দরের দিগরাজে অবস্থিত কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তর পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।এর আগে সকালে মন্ত্রী মংলা বন্দরে এসে পৌঁছালে কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে কোস্টগার্ড পশ্চিম জোনের সব কর্মকর্তা ও নাবিকের উদ্দেশে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্য দেন। মন্ত্রী বলেন, কোস্টগার্ডকে যুগোপযোগী করে তুলতে কোস্টগার্ড পশ্চিম জোনের জন্য আরও তিনটি স্টেশন ও একটি আউটপোস্ট চালু করতে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া আগে অনুমোদন করা স্টেশনগুলোর অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ শিগগির কোস্টগার্ডের বাজেটে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। উপকূলবর্তী ও নদীপথে চলাচলে সক্ষম ছোট-বড় ৩৩টি অত্যাধুনিক টহল বোট এ বছরই বাংলাদেশ কোস্টগার্ডে সংযোজন করা হবে বলে তিনি জানান।