বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অভিনব কৌশলে ডাকাতি
সিরাজগঞ্জের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে অভিনব পন্থায় গাড়ি আটকে ডাকাতির ঘটনা ঘটছে। চলতি মাসেই সাতটি ডাকাতি এবং দুই ব্যক্তি খুন হওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।পুলিশ, যানবাহনের চালক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাকাতেরা প্লাস্টিকের বোতলের মধ্যে তারকাঁটা ও পেরেক ঢুকিয়ে রাস্তার ওপর ফেলে রাখে। এ ছাড়া তারা তারকাঁটা ও পেরেক সড়কের ওপর ছিটিয়ে রাখে। যানবাহন যাওয়ার সময় চাকায় তারকাঁটা ও পেরেক ঢুকে চাকা ফেটে যায়। এতে যানবাহন থেমে গেলে ডাকাতেরা তাতে ডাকাতি করছে। ১৫ জুন রাতে সড়কের তাড়াশ উপজেলার খালকুলায় ডাকাতদের ছিটিয়ে রাখা তারকাঁটা ও পেরেক ঢুকে একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে বাসে ডাকাতির চেষ্টা চালায় ডাকাতেরা। কিন্তু জনতার প্রতিরোধে ডাকাতেরা পালিয়ে যায়। এর তিন দিন পর একই কায়দায় মহিষলুটি এলাকায় একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চলে। ১৯ জুন রাতে একই এলাকায় পণ্যবাহী একটি ট্রাক আটকে চালককে মারধর করে পাঁচ হাজার টাকা লুট করে নেয় ডাকাতেরা। গত সপ্তাহে এই সড়কের মহিষলুটি এলাকায় রবিউল করিম নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ২০ জুন রাত ১১টার দিকে নাটোর পুলিশের এক কর্মকর্তার স্ত্রী ব্যক্তিগত মোটরগাড়িতে করে যাওয়ার সময় খালকুলা এলাকায় সড়কে বিছিয়ে রাখা পেরেক ঢুকে গাড়িটির চাকা ফেটে যায়। এ সময় তিনি ডাকাতের কবলে পড়েন। ২৭ জুন খালকুলায় ডাকাতেরা একই কায়দায় ট্রাক আটকে ডাকাতির চেষ্টা করে। এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতেরা পালিয়ে যায়। ৪ জুন রাতে সড়কের সলঙ্গা থানার সাতটিকড়ি এলাকায় ডাকাতেরা চালবোঝাই একটি ট্রাকের দুজনকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। ৬ জুন রাত ১১টার দিকে সড়কের বড়াইগ্রামে একটি ওষুধ কোম্পানির গাড়ি ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতেরা গাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ছিনতাইয়ের শিকার ট্রাকচালক আবদুল্লাহ ও মোমিন মিয়া জানান, সড়কের পাশ থেকে কয়েকজন আকস্মিক প্লাস্টিকের বোতলে তারকাঁটা ভরে এবং কাঠের মধ্যে পেরেক লাগিয়ে রাস্তায় নিক্ষেপ করে। তারকাঁটা-পেরেকের ওপর দিয়ে যানবাহন যাওয়ার সময় এগুলো ঢুকে চাকা ফেটে গাড়ি থেমে যায়। তখন ডাকাতেরা এগিয়ে সবকিছু লুট করে নিয়ে যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইকবাল বলেন, ‘সম্প্রতি মহাসড়কে তারকাঁটা ও পেরেক ছিটিয়ে ডাকাতির ঘটনা ঘটছে বলে লোকমুখে শুনেছি। এ কারণে টহল বাড়ানো হয়েছে। ফলে ডাকাতি অনেক কমেছে।’