বনপাড়া-হাটিকুমরুল সড়কে হত্যা ও ছিনতাই বেড়েছে
পুলিশি টহল জোরদার না থাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে হত্যা ও ছিনতাই বেড়েছে। গত আট মাসে এই মহাসড়কের তাড়াশ উপজেলা অংশে সাতজনকে হত্যা এবং পাঁচটি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ কারণে গাড়ির চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, নিরাপত্তার অভাবে সন্ধ্যার পর এই মহাসড়কের বেশির ভাগ অংশ জনশূন্য হয়ে পড়ে। জীবিকার তাগিদে কিছু চালক বেশি ভাড়া পাওয়ার লোভে রাতে সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও টেম্পো চালান। এই সুযোগ কাজে লাগিয়ে কিছুসংখ্যক দুর্বৃত্ত এসব যানবাহনের চালক ও যাত্রীদের পথ রোধ করে মালামাল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। অনেক সময় চালককে হত্যা করে টেম্পো ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাও ঘটে। লোকবলের সংকটের কারণে ওই সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় না।তাড়াশ থানা সূত্রে জানা গেছে, গত আট মাসে এই সড়কে দুটি টেম্পো, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একই সঙ্গে দুর্বৃত্তরা চারজন চালককে হত্যা করেছে। এ ছাড়া ওই সড়কের পাশে হত্যার পর একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি এবং একজন ব্যবসায়ীর লাশ ফেলে রাখার ঘটনা ঘটেছে। সর্বশেষ ৩ আগস্ট শরিফুল ইসলাম (১৮) নামে এক চালককে খুন করে দুর্বৃত্তরা তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ তিনজন দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে। নাটোর জেলা অটোরিকশা (সিএনজি) মালিক সমিতি (কাছিকাটা বিশ্বরোড মোড়-গুরুদাসপুর) সভাপতি জয়নাল আবেদীন অভিযোগ করেন, তাঁদের সমিতির তালিকাভুক্ত প্রায় ৮০টি সিএনজি রয়েছে। যাত্রীভাড়াসহ গ্যাস নেওয়ার জন্য রাতেও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চলাচল করতে হয়। কিন্তু মহাসড়কে পর্যাপ্ত পুলিশি পাহারা থাকে না। এ কারণে মহাসড়কের তাড়াশ উপজেলা এলাকায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাইসাইকেল চলাচল মোটেই নিরাপদ নয়। ৩ আগস্ট সিরাজগঞ্জ রোড থেকে ভাড়া আনতে গিয়েই তাঁদের সমিতির সদস্য শরিফুল খুন হন। এ কারণে ঈদের সময় সন্ধ্যার পর দূরের ভাড়া বন্ধ রাখা হয়েছে। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে।বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক পুলিশের পরিদর্শক আলী ফরিদ আহম্মেদ জানান, এই মহাসড়ক নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ। এই সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার থানগুলোর। তার পরও মহাসড়ক পুলিশের একটি মাত্র গাড়ি রাতে টহলের দায়িত্বে থাকে। একদিকে গেলে অন্যদিকে অপরাধমূলক ঘটনা ঘটে।