বনপাড়ায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ভ্যানগাড়ির দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এঁরা হলেন ভ্যানের যাত্রী শহিদুল ইসলাম ওরফে দুলাল (৪৫) ও তাঁর ছেলে সিয়াম হোসেন (৩)। আহত হয়েছেন ভ্যানচালক মুনছুর রহমান (৪২) ও নিহত দুলালের স্ত্রী শেফালী বেগম (৩৬)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের বাড়ি বনপাড়া পৌরসভার মালিপাড়া মহল্লায়।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে নিজ বাড়ি থেকে মিশন হাসপাতালে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে ভ্যানটি মহাসড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগামী ট্রাক ভ্যানটিকে পেছন থেকে চাপা দেয়। এতে চালকসহ ভ্যানের সব যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার বাবা শহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। আহত অন্যদের পাটোয়ারী হাসপাতালে চিকিৎসা চলছে।
নিহত শহিদুল ইসলামের বাবা নওয়াব আলী বলেন, হতাহত ব্যক্তিদের বহনকারী ভ্যানকে ঘাতক ট্রাকটি পেছন থেকে চাপা দেয়। এতে চালকসহ যাত্রীরা ট্রাকের নিচে চাপা পড়ে হতাহত হন। নিহত শহিদুল চা বিক্রেতা ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাঁদের ধরার চেষ্টা চলছে। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।