
নাটোরের বনপাড়ায় খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যায় জড়িত সন্দেহে তাঁর বাড়ির ভাড়াটে মনোয়ারা বেগম ওরফে মণিকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে আটকের পর গতকাল রোববার তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এর আগে গ্রেপ্তার আরেক ভাড়াটে সবুজ আলী রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
সাত দিনেও সুনীল গোমেজের হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ-প্রশাসন ব্যর্থ হওয়ার প্রতিবাদে বনপাড়াসহ আশপাশের জেলার কয়েকটি খ্রিষ্টান ধর্মপল্লির প্রায় পাঁচ হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বী গতকাল সকালে বনপাড়া গির্জা থেকে শোক মিছিল নিয়ে রওনা হন। মিছিলটি নাটোর-পাবনা মহাসড়কে ওঠার পর তা বিক্ষোভ মিছিলে পরিণত হয়। তাঁরা বনপাড়া বাইপাসে এসে নাটোর-ঢাকা ও নাটোর-পাবনা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে শত শত যানবাহন আটকা পড়ে। অবরোধ তুলে নেওয়ার পর বনপাড়া গোলচত্বরে সমাবেশ হয়। বনপাড়া ধর্মপল্লির সহসভাপতি বেনেডিক্ট গোমেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নাটোর শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, বড়াইগ্রাম শাখার সভাপতি ধীরেন্দ্র চন্দ্র সাহা প্রমুখ।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হাই জানান, নিহত সুনীলের বাড়ির ভাড়াটে মনোয়ারা বেগম ও তাঁর স্বামী রফিকুল ইসলামকে গত শনিবার ঢাকা থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গতকাল রোববার মনোয়ারাকে বড়াইগ্রাম আমলী আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার এ ব্যাপারে শুনানি হওয়ার কথা রয়েছে। আর তাঁর স্বামীকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে। মনোয়ারা ওই ঘটনার দিন বাড়িতে ছিলেন। তবে ঘটনার পর থেকে তিনি ও তাঁর স্বামী আত্মগোপন করেন। এতে সন্দেহ হওয়ায় বাদীর অনুরোধে তাঁদের আটক করা হয় বলে তদন্ত কর্মকর্তা জানান।
অপর ভাড়াটে সবুজ আলীকে প্রথম দফা দুই দিনের রিমান্ড শেষে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে গতকাল দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান। আসামির সঙ্গে আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা আব্দুল হাই দাবি করেছেন, জিজ্ঞাসাবাদে সবুজ গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।