নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে গতকাল বুধবার উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে যুবদল বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে আওয়ামী লীগ ওই হত্যা মামলায় দলীয় নেতা-কর্মীদের জড়িত করার প্রতিবাদে মানববন্ধন করেছে। তবে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি।বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল বিকেল চারটায় বড়াইগ্রাম উপজেলা যুবদল বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা সানাউল্লাহ নূর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। যুবদলের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে মিছিলে অংশ নেন। পরে বনপাড়া বাসস্ট্যান্ডে সানাউল্লাহ নূর নিহত হওয়ার স্থানে তাঁরা সমাবেশ করেন।উপজেলা যুবদলের সভাপতি রফিক সর্দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ফরহাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ও জেলা ছাত্রদলের সভাপতি রবিউর রহমান। ফরহাদ আলী তাঁর বক্তৃতায় বলেন, সানাউল্লাহ নূর হত্যার ২০ দিন পার হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। শুধু ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ হাত গুটিয়ে বসে আছে। আসামিরা ক্ষমতাসীন দলের হওয়ায় তাঁদের প্রতি পুলিশ আনুকূল্য দেখাচ্ছে। কিন্তু এই পরিস্থিতি মেনে নেওয়া যাবে না। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে না পারলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ মিছিল শেষে যুবদলের নেতা-কর্মীরা আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদকে স্মারকলিপি দেন।এদিকে গতকাল বেলা সাড়ে ১১টায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সানাউল্লাহ নূর হত্যা মামলায় দলীয় নেতা-কর্মীদের জড়িত করার প্রতিবাদে বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কে মানববন্ধন করেছেন। মানববন্ধনে জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুল জলিল প্রাং, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান, সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও আবদুল কুদ্দুসসহ কয়েক শ দলীয় নেতা-কর্মী অংশ নেন। দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।দুই দলের কর্মসূচির ব্যাপারে জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, সানাউল্লাহ নূর হত্যা মামলাটি বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে যাদের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূরকে বনপাড়া বাজারে দুর্বৃত্তরা হত্যা করে।