বনপাড়ায় সহিংসতা, লোহাগড়ায় প্রার্থীসহ ছয়জনের দণ্ড
নাটোরের বনপাড়ায় গত রোববার রাতে নির্বাচনোত্তর সহিংসতায় মেয়র পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষ, গুলিবর্ষণ ও কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। নড়াইলের লোহাগড়া পৌরসভায় পরাজিত মেয়র পদপ্রার্থীসহ ছয়জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নাটোর: বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে রোববার রাত সাড়ে ১০টায় বনপাড়া পৌরসভার ফলাফল ঘোষণা করা হচ্ছিল। ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী এম জাকির হোসেনকে ৪০ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হলে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মহুয়া নূর কচির সমর্থকেরা তা প্রত্যাখ্যান করে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করে। এ সময় পুলিশ ও র্যাব সদস্যরা মিছিল ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করলে সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে ব্যাটালিয়ন পুলিশ ও র্যাব সদস্যরা ২১ রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এ সময় মহুয়া নূরের সমর্থকেরাও বেপরোয়াভাবে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম, র্যাব সদস্য হাবিলদার আলতাফ হোসেন, ব্যাটালিয়ন পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম, নায়েক মনির উদ্দিন, হাবিলদার মনিরউদ্দিনসহ ২০ জন আহত হন। মহুয়া নূরের বিক্ষুব্ধ কর্মীরা রাতে উপজেলা পরিষদের ভেতরের মৎস্য অফিস, পিআইও অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন, ভাইস চেয়ারম্যানের কার্যালয়, নির্বাচন অফিস ও পশুসম্পদ কার্যালয়ে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। মহুয়া নূর কচি বলেন, ‘প্রশাসন ও পুলিশ সদস্যরা ওপরের নির্দেশে ভোটের ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত হিসেবে ঘোষণা করেছেন। আমি ওই ফলাফল মানি না।’র্যাবের (র্যাব-৫) সহকারী পরিচালক হুমায়ুন কবির এক রাউন্ড শটগানের গুলি ছোড়ার কথা স্বীকার করেন। বড়াইগ্রামের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, রাতের আঁধারে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা মিছিল করাতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তাই তাদের মিছিল করতে বাধা দেওয়া হয়েছিল। কোনো মামলা হয়নি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ভোট সুষ্ঠু হয়েছে। কিছু কর্মী-সমর্থক না বুঝে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করেছিল। লোহাগড়া (নড়াইল): পৌরসভা নির্বাচন শেষ হওয়ার পর উপজেলা পরিষদ ভবনে হামলা হয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেয়র পদপ্রার্থী লোহাগড়া উপজেলা যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলমসহ ছয়জনকে ভ্রাম্যমাণ আদালত দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গ্রহণ শেষে রাত নয়টার দিকে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা হওয়ার সময় ৪০০ থেকে ৫০০ লোক লাঠিসোঁটা নিয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে হামলা চালায় ও ইটপাটকেল ছোড়ে। এর পরপরই র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে হামলাকারীরা ভবনে ঢুকতে পারেনি। লোহাগড়ার ইউএনও অরুণ কুমার মণ্ডল জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা-২০১০ মোতাবেক উপজেলা পরিষদ ভবনে হামলা ও ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ওই ছয়জনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিয়েছেন।