বনপ্রহরীদের নামিয়ে দেওয়ায় সুন্দরবনে পর্যটক লঞ্চ আটক
সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে পর্যটকবাহী একটি লঞ্চ আটক করেছে বন বিভাগ। দুবলার চরের রাস উৎসবে যাওয়ার সময় পথে দুই বনপ্রহরীকে লঞ্চ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগে লঞ্চটি আটক করা হয়েছে।অস্ত্রধারী বনপ্রহরীদের লঞ্চ থেকে নামিয়ে দিয়ে যাত্রীরা সুন্দরবন থেকে তিনটি হরিণ শিকার করে বলে অভিযোগ পাওয়া গেছে।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মাহাবুবুল হক জানান, বরসা ট্যুরিজমের একটি লঞ্চ ২৪ জন পর্যটক নিয়ে গত বুধবার কদমতলা স্টেশন থেকে সুন্দরবনের দুবলার চরের উদ্দেশে রওনা হয়। এ সময় পর্যটকদের নিরাপত্তা ও বনসম্পদের পাহারায় মুজিবর রহমান ও জবেদ আলী নামের দুজন বনপ্রহরীকে ওই লঞ্চে পাঠানো হয়। কিন্তু পথে দোবেঁকী স্টেশনে পৌঁছে অস্ত্রধারী ওই দুই বনপ্রহরীকে নামিয়ে দিয়ে লঞ্চটি দুবলার চলে যায়। শুক্রবার ফিরে আসার সময় একই স্থান থেকে আবার দুই বনপ্রহরীকে লঞ্চে উঠিয়ে নিয়ে আসা হয়। বিষয়টি জানতে পেরে শুক্রবার কলাগাছি স্টেশন থেকে লঞ্চটি আটক করা হয়।সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, লঞ্চটি তল্লাশি করে হরিণ শিকারের কোনো আলামত পাওয়া যায়নি। তবে শর্ত ভঙ্গ করে বনপ্রহরীদের নামিয়ে দেওয়ায় লঞ্চটি আটক করা হয়েছে।