খাগড়াছড়ি শহর থেকে খানিকটা দূরে প্যারাছড়া হাইস্কুলের পাশেই এদোশিরোমন পাহাড়। স্থানীয় ভাষায় এদোশিরোমন মানে হাতিমাথা। পাহাড়ের সর্বোচ্চ চূড়াটি দেখতে অনেকটা হাতিমাথার মতোই। তাই এমন নামকরণ। পাহাড়টি খুব কাছে হলেও প্রথমে চেংগি নদী পার হলাম। তারপর আরও খানিকটা হাঁটলে পাহাড়ের পাদদেশে পৌঁছানো যায়। পাহাড়ের কাছাকাছি মূলত চাকমাদের বসবাস। বিক্ষিপ্ত হলেও এগুলো আসলে গ্রাম। ছড়িয়ে ছিটিয়ে আছে ফসলের মাঠ। একটি প্রাথমিক বিদ্যালয়ও চোখে পড়ল। পাহাড়ে ওঠার আগে স্থানীয় গাইড আমার হাতে একটি লাঠি ধরিয়ে দিল। পরে বুঝেছি, পাহাড় বেয়ে উঠতে হলে একটি অবলম্বন কতটা দরকারি। এই পাহাড়ের চূড়া ততটা প্রশস্ত নয়। সতর্কতার সঙ্গে পা রাখতে হচ্ছে। শীতের রুক্ষতায় বিবর্ণ গাছপালা। অনতিদূরে জুমচাষের প্রস্তুতি চোখে পড়ল। ভেবেছিলাম ডিসেম্বরের এই হাড়কাঁপানো শীতে আর যা-ই হোক কোনো লতাগুল্মের ফুল দেখতে পাব না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে একটি নীলচে-বেগুনি রঙের ফুল তার রঙের পসরা সাজিয়ে বসেছে। মনটা খুশিতে ভরে গেল। তবে ফুলটি অচেনা, আগে কখনো দেখিনি। কাছাকাছি গড়নের আরেকটি লতানো ফুল দেখেছি বান্দরবানের পাহাড়ে। স্থানীয় লোকজন বলেছিল ঠান্ডাআলুর ফুল। অনেকগুলো ছবি তুলে আবার যাত্রা শুরু হলো আমাদের। ঢাকায় ফিরে বইপুস্তক ঘেঁটে ফুলটির সঠিক পরিচয় শনাক্ত করি। এরা বনসান বা ঝনঝনা নামে পরিচিত। তবে ছোট ঝুনঝুনি নামে হলুদ রঙের আরেকটি বুনোফুল দেশের বিভিন্ন স্থানে দেখা যায়।
বনসান (Crotalaria verrucosa) অসংখ্য শাখাযুক্ত, বর্ষজীবী বা বহুবর্ষজীবী উপগুল্ম। ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কাণ্ড এবং শাখাপ্রশাখা চার কোণাকার এবং খাঁজযুক্ত। পাতা সরল, ডিম্বাকার ও রোমশ। পুষ্পবিন্যাস পর্যায়ক্রমিক, পত্র-প্রতিমুখ, দীর্ঘায়িত, পুষ্পবৃন্ত প্রায় ৫ মিমি লম্বা। বৃতি প্রায় ১ সেমি লম্বা নল ঘণ্টাকার। দলমণ্ডল নীল বা সাদা, ফলক প্রায় ১৪ সেমি চওড়া ও পাকানো চঞ্চুযুক্ত। ফল মুগডাল বা সরু শিমের মতো আবরণের মধ্যে থাকে, কোমল ও রোমশ, পরিপক্ব অবস্থায় কালো। ফুল ও ফলের মৌসুম মে থেকে ডিসেম্বর। এরা সাধারণত চিরসবুজ বনাঞ্চলের গাছ। সিলেট, চট্টগ্রাম ছাড়াও খুলনা, পটুয়াখালী এবং রাজশাহী অঞ্চলে দেখা যায়। হৃদ্যন্ত্রের সমস্যা, জ্বর, অজীর্ণতা ও চর্মরোগে এ গাছ কাজে লাগে। বীজ থেকে প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি।