বনবাস ঘুচবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘাইছড়ি সদর থেকে ৭০ কিলোমিটার দূরে লক্ষ্মীছড়ি সংরক্ষিত বনে দোজরি গ্রামের অবস্থান। এর মধ্যে ২২ কিলোমিটার, অর্থাৎ গঙ্গারামমুখ পর্যন্ত গাড়ি চলাচলের রাস্তা আছে। বাকি ৪৮ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হয় এই গ্রামে পৌঁছাতে হলে। ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামে ৩৬টি পরিবারের বসবাস। গ্রামের লোকজন লবণ, তেল, সাবান ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনতে মাসে একবার লোকালয়ে আসে।

দোজরি গ্রামের শিশুরা বিদ্যালয়ে যায় না। সন্ধ্যার পর হিংস্র জীবজন্তুর ভয়ে দরজার খিল এঁটে বাড়ির ভেতরে নিজেদের গৃহবন্দী করে রাখে গ্রামের বাসিন্দারা। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশনসহ কোনো ধরনের নাগরিক সুযোগ-সুবিধা নেই এই গ্রামে।

বাঘাইছড়ির মাচালং ও লক্ষ্মীছড়ি সংরক্ষিত বনে দোজরি গ্রামের মতো এমন ১৫টি গ্রাম গড়ে উঠেছে। গহিন বনের ভেতরে অবস্থিত এসব গ্রামে বসবাস করছে প্রায় চার হাজার মানুষ। গত দুই দশক আগে পার্বত্য চট্টগ্রামের সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে এসব গ্রামের বাসিন্দারা। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার বাইরে থাকা এসব মানুষ আদিম পরিবেশে নিজেদের টিকিয়ে রাখার সংগ্রামে ব্যস্ত। সম্প্রতি দোজরিসহ সংরক্ষিত বনে অবস্থিত বেশ কয়েকটি গ্রাম ঘুরে এই তথ্য পাওয়া গেছে। দোজরি গ্রামের বাসিন্দা রিন্টু চাকমা (৪৫) বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা জায়গাজমি হারিয়ে ১৯৮৯ সালে দীঘিনালা ছেড়ে এই জঙ্গলে বসবাস শুরু করেছি। জুম চাষ করে আর বনের ফলমূল কুড়িয়ে সংসার চালাচ্ছি।’ গ্রামপ্রধান নীলামণি কারবারি বলেন, ‘অভ্যন্তরীণ উদ্বাস্তুর তালিকায় নাম না উঠলেও আমরা এই গ্রামে উদ্বাস্তুর মতো বসবাস করছি। সরকারের কোনো সংস্থা এখন পর্যন্ত আমাদের খোঁজ নেয়নি।’

বনের ভেতরে বসতি থাকার কথা স্বীকার করলেন জনপ্রতিনিধিরাও। উপজেলার সাজেক ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নতুন জয় চাকমা বলেন, ‘মাচালং ও লক্ষ্মীছড়ির গভীর বনে অন্তত ১৫টি বসতি আছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, ওই সব গ্রামে যেতে সময় লাগে দুই থেকে তিন দিন। অসুস্থ হয়ে অনেকে বিনা চিকিৎসায় মারা গেছে বলে শুনেছি।’ তিনি আরও জানান, ১৫টি গ্রামের বাসিন্দারা উপজেলার ভোটার নন। তাঁদের ভোটার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, কাচালং ও লক্ষ্মীছড়ি সংরক্ষিত বনাঞ্চলের আয়তন প্রায় দুই লাখ একর। এর মধ্যে ৫০ হাজার একরে জুম চাষের কারণে বনভূমি উজাড় হয়ে গেছে। বাকি প্রায় দেড় লাখ একরজুড়ে এখনো প্রাকৃতিক বন রয়েছে। এসব বনের কিছু অংশে বসতি গড়ে উঠেছে। বন বিভাগের মারিশ্যা বিট কর্মকর্তা মো. আবদুল সাত্তার বলেন, ‘বনের ভেতরে যাঁরা বাস করেন, অনেক সময় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু মানবিক কারণে তাঁদের আইনের আওতায় আনা সম্ভব হয় না। ঘরহারা মানুষজন বনে আশ্রয় নেওয়ায় পার্বত্য বনাঞ্চল রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়েছে।’ সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, বনের ভেতরে গড়ে ওঠা এসব গ্রামে যেতে দুই দিন সময় লাগে। গ্রামগুলোতে খাগড়াছড়ির দীঘিনালা ও পানছড়ি উপজেলার লোকজন আশ্রয় নিয়েছেন। তাঁরা ভিন্ন এলাকার ভোটার হওয়ায় সরকারি কোনো সুযোগ-সুবিধা পান না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, প্রতিটি ইউনিয়নের লোকজনের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার দায়িত্ব ইউনিয়ন পরিষদের। বনাঞ্চলে যেসব লোক বসবাস করে, তারা পরিস্থিতির শিকার। তবে দুর্গম এলাকা হওয়ায় তাদের কাছে সাহায্য পৌঁছাচ্ছে না।